প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম
দেশের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী, এটা বিরাট ঘটনা। হামজা দেশে আসার আগেই তাকে নিয়ে ফুটবলপ্রেমীদের রোমাঞ্চ আর উচ্ছ্বাসের কমতি নেই। প্রায়শই এমন কথা শোনা যায় যে, হামজার মতো যদি আরও কয়েকজন ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতেন, তবে সেটি দারুণ হতো। দেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে এবার একই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া।
প্রায় তিন মাস পর ডেনমার্ক থেকে ঢাকা ফিরেছেন জামাল। ফিরেই আজ শনিবার বাফুফের ভবনে শুরু হওয়া বাফুফে-এএফসির ডিপ্লোমা কোর্সে (পর্ব-১) অংশ নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক। তিনি ছাড়াও এই কোর্সে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচসহ ২৪ জন প্রশিক্ষণার্থী; যার মধ্যে বিদেশিও আছেন। জাতীয় দলের সাবেক-বর্তমান খেলোয়াড়রা এই কোর্স করলে সরাসরি প্রো লাইসেন্স করতে পারবেন। ফুটবলারদের কাছে যে কারণে এই কোর্সের গুরুত্ব অনেক। ১২ দিনের কোর্সটি পরিচালনা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী ও বাফুফের ইনস্ট্রাক্টর জুলফিকার মাহমুদ মিন্টু।
নতুন পথচলা শুরুর ফাঁকে হামজা চৌধুরীকে নিয়ে কথা বলেছেন জামাল, ‘আরও তিন-চারজন হামজার মতো বাংলাদেশ দলে থাকলে সেটা কী দারুণই না হতো। হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে ২০১৫ সালে যোগ দেন হামজা। পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে; সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন ২৬ বছর বয়সি এই ফুটবলার। তবে ইংল্যান্ড নয়, জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছেন তিনি। আগ্রহ প্রকাশের পর অনেক দৌড়ঝাঁপ করে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডারের গায়ে লাল-সবুজের জার্সি উঠতে পারে আগামী মার্চেই; ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই ম্যাচে।
এদিকে, চলতি মৌসুমে দেশের ক্লাব ফুটবলে খেলতে পারছেন না জামাল। আবাহনীর সঙ্গে চুক্তি নিয়ে জটিলতা কাটেনি। এ কারণে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে চুক্তি করেও খেলতে পারছেন না ৩৪ বছর বয়সি মিডফিল্ডার জামাল। তবে দ্রুতই বিষয়গুলোর সমাধান হয়ে যাবে বলে আশা তার, ‘আবাহনীর সঙ্গে যে ইস্যুটা হয়েছে, সেটা হয়ে গেছে। এটা আমার ডিসিশন না, ওদের ডিসিশন ছিল।’

বাফুফে-এএফসির এ ডিপ্লোমা কোর্স (পার্ট-১) শুরু করেছেন জামাল। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে মোট ২৪ জন এবারের কোর্সে অংশ নিচ্ছেন। কোর্স শুরু হচ্ছে শনিবার থেকে। এর আগে বাফুফের একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটালেন জামাল। তাদের অটোগ্রাফ দিলেন, ছবি তোলার দাবি মেটালেন। নিজের স্বপ্নের পানে ছোটার বার্তাও উঠতিদের দিলেন জামাল।
‘এখানে বাচ্চারা আছেন, যাদের স্বপ্ন আছে ফুটবলার হওয়ার। আমিও ওদের মতোই ছিলাম। আজকে যে আনন্দ ওদের মধ্যে দেখলাম, খুব ভালো লাগছে। আমারও আইডল ছিল, হয়তো এই বাচ্চারাও আমাকে আইডল মনে করে। গর্বের মুহূর্ত। আমি ওদেরকে বলব, নিজেদের স্বপ্ন অনুসরণ করতে হবে।’