প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:০৬ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:০৭ পিএম
পরিসংখ্যান দেখলে মনে হতে পারে আল-তাউনের বিপক্ষে বুঝি গোলবন্যা ছুটিয়েছে আল-নাসর। আদতে ফল ভিন্ন। ক্রিশ্চিয়ানো রোনালদোদের একের পর এক আক্রমণ কখনও ডিবক্সে কখনও গোলপোস্টে থেমে গেছে। সৌদি প্রো-লিগের ম্যাচটিতে ব্যবধান বাড়াতে পারেননি সিআর সেভেন, দলও পায়নি পূর্ণ পয়েন্ট। প্রথমার্ধে পিছিয়ে পড়া আল-নাসর আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম এড়ায় হার।
রোনালদোর সময়টা ভালো যাচ্ছে না। মাঝে আল ওখদুদের বিপক্ষে একটি ম্যাচে জয় পেলেও আবার পুরোনো রূপে দলটি। আগেও বেশ কয়েকটি ম্যাচে হারতে হয়েছে। এবার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসার দারুণ সুযোগ নষ্ট করেছে লিগের অন্যতম সেরা দল। আল-তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করে আগের চতুর্থ স্থানেই থাকতে হয়েছে তাদের।
আল-নাসরে যোগ দেওয়ার পর ক্লাবকে একটি লিগ শিরোপাও উপহার দিতে পারেননি রোনালদো। এরই মধ্যে তার সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নাসরের সঙ্গে নতুন চুক্তির বিষয়েও আলাপ-আলোচনা চলছে সিআর সেভেনের। এ অবস্থায় দল জয় পেতে ধুঁকছে, রোনালদোও পাচ্ছেন না জালের দেখা।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল একক আধিপত্য ছিল আল-নাসরেরই। গোলে শট, বল দখল কিংবা আক্রমণ-প্রতি আক্রমণ— সবদিকেই রাজত্ব করেছে রোনালদোরা। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা ৬৪ ও ৩৬ ব্যবধানে। গোলেও শট নিয়েছিল তারা সবচেয়ে বেশি, ৭টি। মোট শট ২৬টি। গোল এসেছে একটি। আল-তাউন তিনটি শট থেকে একটি গোল পেয়েছে। প্রথমার্ধের যোগ করা সময়ে তাউনকে এগিয়ে দেন সাদ ফাহাদ আল-নাসর। ৬৪ মিনিটে আল-নাসরকে সমতায় ফেরান লাপোর্তে।
১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আল-নাসর। ২২ নিয়ে আল-তাউন রয়েছে অষ্টম স্থানে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে প্রথম স্থানে আল-হিলাল এবং দ্বিতীয় স্থানে রয়েছে আল-ইত্তিহাদ। আল-কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।