প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:২৬ পিএম
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে একতরফা ম্যাচ খেলেছেন দ্বিতীয় বাছাই ইগা সোয়াটেক; সেটিও এমন একজনের বিপক্ষে যে চোখ কপালে তোলার মতো। সোয়াটেকের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের দিনে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি হন এমা রাদুকানু।
রড লেভার অ্যারেনায় তিক্ত বিকেলে ব্রিটেনের রাদুকানু সোয়াটেকের কাছে পরাজিত হন ৬-১, ৬-০ ব্যবধানে। বিশ্বের ৬১ নম্বর খেলোয়াড় রাদুকানু এদিন পাঁচবার সার্ভিস হারান। তাতে সোয়াটেকের জয় নিশ্চিত করতে লেগেছে মাত্র ৭০ মিনিট।

তিন বছর আগে সিডনিতে কাজাখস্তানের এলেনা রাইবাকিনার কাছে ৬-০, ৬-১ ব্যবধানে হেরেছিলেন রাদুকানু। এরপর দ্বিতীয়বারের মতো এক ম্যাচে মাত্র একটি খেলা জিতেছেন ব্রিটেনের এই তারকা। তবে রাদুকানু হেরে প্রশংসায় ভাসিয়েছেন সোয়াটেককে, ‘সে খুব ভালো খেলেছে, কিন্তু আমার মনে হয় আমিও খুব ভালো খেলিনি।

পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন সোয়াটেক কখনও মেলবোর্ন সেমিফাইনাল অতিক্রম করতে পারেননি। ২৩ বছর বয়সী পোলিশ টেনিস তারকা মেলবোর্নে তার প্রথম তিন রাউন্ডে একটিও সেট বা এমনকি একটি সার্ভিস গেমও হারাননি।