× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৯ পিএম

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা নেপাল। জান্নাতুল মাওয়া-নিশিতা নিশিদের ঘূর্ণি ধাঁধার সমাধান জানা ছিল না নেপালের ব্যাটারদের। ফলে তারা ফেঁসে গেছেন জুনিয়র টাইগ্রেসদের স্পিন জালে। কোনোরকমে দলীয় ফিফটি স্পর্শ করে অলআউট হয় তারা। ছোট লক্ষ্য ৪০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তাতে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ায় আজ শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন। জবাবে খেলতে নেমে ১৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

৫৩ রানের লক্ষ্য তাড়ায় নেট রানরেট মাথায় রেখে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। কিন্তু দলের এমন সাহসী সিদ্ধান্ত খানিকটা দুশ্চিন্তায় ফেলে সমর্থকদের। ১১ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া ও জোরাইয়া ফেরদৌস।

তবে চতুর্থ উইকেট জুটিতে সুমাইয়া ইসলাম ও সাদিয়া আক্তার দলকে টেনে তোলেন। ১৬ রান করে সাদিয়া ফিরলে ভাঙে ২১ রানের জুটি। তবে ততক্ষণে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। বাকি কাজটা আফিয়া ইরা ও জান্নাতুল মাওয়া দ্রুতই সেরেছেন। তাতে ৪০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে এদিন শুরু থেকেই ভুগেছে নেপালের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রি ধামীকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নিশিতা নিশি। তিনে নেমে জুটি গড়ার চেষ্টা করেন পূজা মহৌত্র। তবে ১৮ বল খেলে মাত্র ২ রান করেছেন তিনি।

অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেননি। বাকিদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রমক ছিলেন সানা। ৩২ বলে ১৯ এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ১১ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা