প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৩:১৯ পিএম
পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে ছয় মাসের জন্য বরখাস্ত করেছে ফিফা। দেশটির এক নারী ফুটবলারকে ‘মোটা’ বলে সম্বোধন করার কারণে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরিয়াসকে এই শাস্তি দিয়েছে।
ঘটনাটি ২০২৩ সালের মার্চে। সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠ সংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই নারী ফুটবলার।
পানামা ফুটবল নিয়ে কক্সের ওই সমালোচনা ভালোভাবে নেননি ফেডারেশনের সভাপতি আরিয়াস। কক্সের ওই মন্তব্যের পর তাকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করে বসেন তিনি। আরিয়াস বলেছিলেন, ‘সে এখন আকারের বাইরের চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।’ সেই ঘটনায় এবার শাস্তির মুখে পড়লেন আরিয়াস।
ফেডারেশন সভাপতির এমন মন্তব্যে প্রতিবাদও জানান কক্স। এমনকি এই ফুটবলার জানিয়েছেন, এ ঘটনায় আরিয়াস ক্ষমা না চাইলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।