টানা অষ্টম জয় পেল সোহানরা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ০০:১৬ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১০:৫৬ এএম
আকিফ জাভেদের উইকেট উদ্যাপন
বিপিএলের আকাশে যেন উড়ে চলেছে রংপুর রাইডার্স। অপ্রতিরোধ্য হয়ে ওঠা উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটিকে কোনো দলই যে মাটিতে নামাতে পারছে না। টানা জয়ের ছন্দ ধরে রেখে নুরুল হাসান সোহানের দলটি যেন একটু একটু করে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। শুক্রবার মাঠে নামার আগে টানা চার ম্যাচে চিটাগাং কিংসও ছুটে চলেছিল জয়রথে চেপে।
অবশেষে বন্দরনগরের দলটির জয়যাত্রা থামিয়ে অজেয় থেকে গেল রংপুর। শেষহাসি হাসল তারা ৩৩ রানে জিতে। এ নিয়ে টুর্নামেন্টে টানা অষ্টম জয় পেল রংপুর। আর বিপিএলের সঙ্গে গ্লোবাল সুপার লিগ মিলে টানা ১১ ম্যাচ জিতল তারা। তাতে সবার আগে প্লে অফের টিকিটও কাটল দলটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানের পুঁজি গড়ে রংপুর রাইডার্স। তাদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রানের দাপুটে এক ইনিংস খেলেন খুশদিল শাহ। শেষ দিকে শেখ মেহেদী ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস উপহার দেন।
জবাবে আকিফ জাভেদের বোলিংয়ের তোপের সামনে যেন দাঁড়াতেই পারেনি চিটাগাং কিংস। পুরো ২০ ওভার ব্যাট চালিয়েও ৮ উইকেটের বিনিময়ে তারা গুটিয়ে গেছে ১৩১ রানে। নিজেদের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয়বার হারের তেতো স্বাদ হজম করল চট্টগ্রামের দলটি।
চট্টগ্রামের পারভেজ ইমন ও গ্রাহম ক্লার্ক ৪৫ রানের জুটিতে ঝড়ের আভাস দিয়েছিলেন। তবে ইমন ১৪ বলে ২টি করে চার-ছক্কায় ২৬, ক্লার্ক ২০ বলে ২৩ রানের বেশি তুলতে পারেননি। পরে ৫৩ রানের জুটি গড়েন শামীম পাটোয়ারী ও নাঈম ইসলাম।
তবে ধীরগতির ব্যাটিংয়ে চাপের বৃত্তেই আটকে থেকেছে চিটাগাং। ৩১ রানে ৩৮ রান করে শামীম আউট হলে চট্টগ্রাম পৌঁছে যায় হারের দুয়ারে। রংপুরের জার্সিতে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন আকিফ জাবেদ। খুশদিল নেন ২ উইকেট।