প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম
সাত ম্যাচের বিপিএলের পর্দা নামবে নয় দিনে— ছবি: সংগৃহীত
অনেক দিন ধরেই চলছিল আলোচনা। বেশ কয়েকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে গিয়েও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি নারী বিপিএল। অবশেষে এসেছে সুখবর। ডাবল লিগ পদ্ধতিতে ফেব্রুয়ারি মাসেই প্রথমবারের মতো বসবে নারী বিপিএল।
চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম নিশ্চিত করেছেন এ খবর। তিন দলের টুর্নামেন্টে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। স্কোয়াডে একজন করে বিদেশি খেলোয়াড়ও চাইলে খেলাতে পারবে আয়োজকরা। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনের মাঝে।
বিসিবি পরিচালক ও ছেলেদের বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ফাহিম বলেছেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা, সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজকে (গতকাল) সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো।’
তিন দলের অংশগ্রহণে লিগপর্বে দুটি করে রাউন্ড খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল খেলবে ফাইনালে। প্রতিটি ম্যাচে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে দলগুলো। সবগুলো ম্যাচই মিরপুরে গড়ানোর পরিকল্পনা রয়েছে। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মাঝেই শেষ হবে টুর্নামেন্ট।
ছেলেদের বিপিএলের ফাইনাল গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। ঠিক কোন সময় বসবে আসর, তা না জানালেও ফাহিম বলেছেন খুব দ্রুতই আয়োজন হবে আসরটি। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতেই পর্দা উঠবে মেয়েদের আসরটির।
ফাহিম বলেছেন, ‘নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করবো। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। এটা বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। সময়সীমা ৮-৯ দিনের ভেতরে শেষ হবে। আমরা এরইমধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা ওয়ান অফ একটা টুর্নামেন্ট হবে। আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টুয়েন্টি ফরম্যাটে সেটার প্রভাব কীরকম হয়। আমরা আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেকধাপ এগিয়ে নেবে।’