প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১১:০৫ এএম
চট্টগ্রামে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় নিয়ে যখন হোটেলে ফেরেন চিটাগং কিংসের খালেদ আহমেদ। তখন তার আনন্দ হঠাৎ করেই মিলিয়ে যায়। হৃদয় ভাঙার সংবাদ পান খালেদ। জানলেন তার মা আর বেঁচে নেই। কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে হলো চিটাগং কিংসের এই পেসারকে। সঙ্গে তার দলকেও।
খালেদের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে গভীর শোকাহত। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান দেন।’
এবারের বিপিএলে খালেদ চিটাগং কিংসের হয়ে খেললেও তাঁর বাড়ি সিলেটে। বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সিলেট লিখেছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় দলের পেসার ও সিলেটের কৃতি সন্তান খালেদ আহমেদের মায়ের ইন্তেকালে স্ট্রাইকার্স পরিবার গভীর শোক প্রকাশ করছে।’
খালেদ এবারের বিপিএলে দারুণ ছন্দে আছেন। ৫ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে খুলনার বিপক্ষে ২ উইকেট নেন তিনি। চিটাগংয়ের ৪৫ রানের জয়ের পর টিম হোটেলে ফিরে দলের সঙ্গে উদ্যাপনও করেন। তবে তার কিছুক্ষণ পরই পেয়েছেন মায়ের মৃত্যুর সংবাদ।