প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১০:২৮ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১১:২৫ এএম
স্কোরলাইন একই— ৫:২। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫ গোল খেয়েছিল, এবার দিয়েছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা ধসিয়ে দিয়েছিল রিয়ালকে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সুপারকোপা দে এস্পানায় সেল্টা ভিগোকে একই ব্যবধানে উড়িয়েছেন লস ব্লাঙ্কোসরা।
সুপারকোপায় রিয়াল ৫ গোল পেয়েছে ১২০ মিনিট খেলে। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল এ লড়াই। শুরুতে ২-০ গোলে রিয়াল এগিয়ে গেলেও সেল্টা সমতা ফেরায় যোগ করা সময়ে গিয়ে; যার ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই রিয়ালের গোল উৎসব।
সান্তিয়াগো বার্নাব্যুতে বৃহস্পতিবার রাতে রিয়াল প্রথম গোল পায় ৩৮ মিনিটে। কিলিয়ান এমবাপে এক প্রতি আক্রমণ শেষে করেন দারুণ এক গোল। ৪৮ মিনিটে ব্রাহিম দিয়াসের বাড়ানো বল থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
সেল্টা ম্যাচে ফিরে আসার আভাস দেয় ৮৩ মিনিটে। রিয়ালের বিপৎসীমায় এদুয়ার্দো কামাভিঙ্গার ভুল পাস বাগে পেয়ে যান জনাথন বামবা। গোল করতে ভুল করেননি তিনি। ম্যাচের শেষবাঁশির একটু আগে পেনাল্টি পেয়ে যান সফরকারীরা। সেটা থেকে গোল করেন মারকোস আলনসো। ২-২ সমতায় ফেরায় ম্যাচটা চলে যায় অতিরিক্ত সময়ে।
প্রথমার্ধে রিয়াল আর সেল্টার কেউই গোল পায়নি। শেষমেশ এ ডেডলক ভাঙেন এনদ্রিক। ১০৮ মিনিটে তিনি গোল করেন। আর্দা গুলেরের বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে দারুণ এক শট নেন তিনি, আগুনে ওই শটে গোলটাও পেয়ে যান ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।
এরপর তিনি আরও এক গোল করে ম্যাচের সব অনিশ্চয়তা দূর করে দিয়েছেন শেষ দিকে। তার আগে ১১২ মিনিটে গোল করেন ফেদে ভালভার্দে। ফলে রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে ৫-২ গোলে।