প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৪৯ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১১:২১ এএম
নিক পোথাস। সংগৃহীত ছবি
চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাসখানেক। প্রাথমিক দল আইসিসিকে দেওয়াও হয়ে গেছে। এই সময়ে বাংলাদেশ ক্রিকেট খেল বড় ধাক্কা। জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য, সহকারী কোচ নিক পোথাস চাকরি ছেড়েছেন। ২০২৬ সালের মার্চ পর্যন্ত মেয়াদ থাকলেও তিনি সরে দাঁড়িয়েছেন তার অনেক আগেই।
বিসিবিকে তিনি জানিয়েছেন পারিবারিক সমস্যার কথা। তিনি সম্প্রতি আবেগঘন এক স্ট্যাটাসে বাংলাদেশ অধ্যায় শেষ করার কথা জানান, ‘সব ভালো জিনিসেরই শেষ আছে, সবকিছুর মতো এটারও শেষ হতেই হতো। বিসিবির সঙ্গে থাকাকালে কিছু দারুণ মানুষের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। অসামান্য স্মৃতি তৈরি করেছি, সঙ্গে আমরা দারুণ কিছু ইতিহাসও রচনা করেছি, নতুন রেকর্ড গড়েছি।’
আপাতত পরিবারকে সময় দেবেন পোথাস, ‘এখন বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি আমি। পরের অধ্যায়ে কী আছে দেখা যাবে। বাংলাদেশের সামনে রোমাঞ্চে ভরা একটা বছর, শুভকামনা রইল, তোমাদের মিস করব।’
২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নিক পোথাস। ২০২৬ সালের মার্চ পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। ১৪ মাস আগেই তিনি সরে গেলেন নিজে থেকে। বাংলাদেশ দলে তিনি বিশেষ করে কাজ করেছেন ফিল্ডিং নিয়ে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি।