× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে মিস করবেন তানজিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে মিস করবেন তানজিদ

জাতীয় দল, কী বিপিএল– সব জায়গাতেই ব্যর্থ হচ্ছিলেন লিটন দাস। এর জেরে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে দল থেকে বাদ পড়ার দিনেই ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন লিটন। এরপর আবার প্রশ্ন উঠছে আসলেই কি তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল? সেই প্রসঙ্গে এবার কথা বলেছেন জাতীয় দল এবং বিপিএলে ঢাকা ক্যাপিটালসে লিটনের সতীর্থ তানজিদ হাসান তামিম। ২৪ বছর বয়সি এই ব্যাটার জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে লিটনকে মিস করবেন তিনি।

বিপিএল চট্টগ্রাম পর্বে খেলবে সব দল এখন বন্দর নগরীতে অবস্থান করছে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ঢাকার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তানজিদ তামিম। এ সময় লিটনের বাদ পড়ার এক প্রশ্নে তিনি বলেন, ‘ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই।’

ওয়ানডেতে শেষ পাঁচ ইনিংসে লিটন করেছেন সবে ৬ রান। গত বছর সর্বশেষ তিন টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ০, ৩ ও ১৪ রান। বিপিএলের একাদশ আসরের প্রথম দিকে চার ম্যাচে দুই অঙ্কের রান পেয়েছেন একবার। তবে সর্বশেষ দুই ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রান করা লিটন চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার দিনে খেলেছেন ১২৫ রানের ইনিংস। তাই লিটনের বাদ পড়াটা বাস্তবতা হিসেবে নিচ্ছেন তানজিদ।

অবশ্য লিটনকে নিয়ে জুনিয়র তামিমের প্রত্যাশা উঁচুতে, ‘উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে। আশা করি, সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। ওই পাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা... আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শট।’

দলের ফর্ম আর সামনের ম্যাচগুলো নিয়ে তামিমের মূল্যায়ন, ‘আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোব।’

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলের মঞ্চে দুটি সেঞ্চুরির রেকর্ড এখন জুনিয়র তামিমের দখলে। আগামীতে আরও এমন ইনিংস খেলতে ‘বড়’ তামিম ইকবালের কাছে সিএ ব্যাট চেয়েছেন ‘ছোট’তামিম, ‘অবশ্যই তামিম ভাইয়ের ব্যাটই বেশি (কমফর্টেবল)। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। সিএ ব্যাট নিয়েই কথা হচ্ছিল যে, ‘ভাই আমাকে যদি এ রকম ব্যাট দেওয়া যায়। আপনি বলে দিলে হয়তো ওরা পাঠাবে।’এ রকম কথাই হচ্ছিল। উনিও বলেছেন যে, ঠিক আছে আমি বলে দেব। ওরা এ রকম ব্যাট পাঠাবে।’

সাবেক ওপেনার তামিমের সঙ্গে কথা বললে আত্মবিশ্বাস বাড়ে জানিয়ে তানজিদ তামিম বলেছেন, ‘(ব্যাটের) এটা কী বলব! তেমন কোনো রহস্য নেই। তামিম ভাইয়ের সঙ্গে যখনই মাঠে একসঙ্গে থাকি, উনার সঙ্গে আমার কথা হয়। উনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আর উনার সঙ্গে কথা বললে আমার নিজের আত্মবিশ্বাসটাও বাড়ে। তো এটা আগে থেকেই। যখনই সামনাসামনি দেখা হয়, চেষ্টা করি উনার সঙ্গে কথা বলতে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা