প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম
নেপালে সাফ শিরোপা জেতার পর গত নভেম্বরের মাঝামাঝি থেকে ছুটিতে ছিলেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা। দীর্ঘ দিনের ছুটি অবশেষে শেষ হয়েছে। আজ বুধবার থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্পে ফিরতে শুরু করেছেন তারা। তবে ক্যাম্প শুরু হলেও মেয়েদের খেলা নিয়ে নেই ফেডারেশনের কোনো পরিকল্পিত সূচি! খেলার অনিশ্চয়তা নিয়েই ক্যাম্পে ফিরতে হচ্ছে সাবিনা খাতুন, মারিয়া মান্ডাদের।
বুধবার সন্ধ্যানাগাদ ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরছেন ১৩জন ফুটবলার। আগামী শনিবারের মধ্যে ফেরার কথা বাকীদেরও। এ নিয়ে গতকাল সন্ধ্যায় বাফুফে ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘আজকে বাংলাদেশ মহিলা জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। আজকের মধ্যেই সবাই যোগ দেবে (ক্যাম্পে)। ৩১ জনকে আমরা ক্যাম্পে আসার জন্য বলেছি। আমার জানা মতে এখন পর্যন্ত ১৩জন এখানে (ক্যাম্পে) যোগ দিয়েছে, রাতের মধ্যেই আসবে (বাকীরা)। কিছু খেলোয়াড় ব্যক্তিগত কাজে এবং চিকিৎসার জন্য ছুটি চেয়েছে। হয়ত তারা ১৮ তারিখের মধ্যে ফিরবে।’
মেয়েদের ক্যাম্প নিয়ে বাফুফের মনোভাব বরাবরই ইতিবাচক। তবে জাতীয় দলের খেলা নিয়ে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অন্তত সাফ জয়ের পর এই দীর্ঘ সময়ে, বিশেষ করে আগামী ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে জাতীয় দল কোনো ম্যাচ খেলতে পারছে না, এটা অনেকটাই নিশ্চিত। এবার ফেডারেশন চোখ করছে আসন্ন মার্চ উইন্ডোকে। সে কারণেই মেয়েদেরকে ক্যাম্পে ডাকা। সাধারণ সম্পাদকের কথায়, ‘আমরা পরিকল্পনা করছি মার্চ উইন্ডোতে ম্যাচ আয়োজন করার জন্য। ততদিন আমাদের এখানে সহকারী কোচ আছেন তাদের অধীনে অনুশীলন করবেন খেলোয়াড়েরা।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ছবি : বাফুফেতবে মার্চ উইন্ডোতে কার বিপক্ষে খেলার সম্ভাবনা জেগেছে এ নিয়ে জানতে চাইলে ইমরান হোসেন তুষার বলেন, ‘আমি এখনো স্পষ্টভাবে তেমন কিছু বলতে পারব না যে কোন দেশের সঙ্গে আমরা খেলবো। আমরা ১৩টা দেশকে ইনভাইটেশন পাঠিয়েছি। তো আমরা যখন ফিটব্যাক পাব… শর্টলিস্টেট হবো, তখন আপনাদের বলতে পারব।’ প্রায়শই কোনো ফিফা উইন্ডোর আগে এমন বক্তব্য শোনা যায় বাফুফের থেকে। তবে শেষ পর্যন্ত কতটা বাস্তবায়ন হয় সেটাই আপাতত দেখার অপেক্ষা।
মাঠের লড়াইয়ের আগে মেয়েরা মাঠের অনুশীলনও শুরু করতে পারছে না। কেননা নারী দলের কোচ জেমস পিটার বাটলার থাকবেন নাকি নতুন কোচ নিয়োগ হবে সেটি এখনো অনিশ্চিত। কদিন আগে অবশ্য পিটার বাটলারের থাকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন। এদিকে কোচের ব্যাপারে তেমন কোনো মন্তব্য করেননি বাফুফের সাধারণ সম্পাদক, ‘দেখুন পিটার বাটলার নাকি নতুন কোচ, এটা নিয়ে চুক্তি সম্পাদনের পর বলতে পারব। এটা অফিসিয়ালি হওয়ার পর আমরা আপনাদেরকে বলতে পারব। আমরা চেষ্টা করছি এটা অতি দ্রুত করার জন্য।’
এরপর তিনি বলেছেন যে মেয়েরা যাতে আগেভাগে অনুশীলন করতে পারে সেজন্য তাদের ক্যাম্পে ডাকা। কিন্তু সেই অনুশীলনটা কার অধীনে হবে সেটিই বড় প্রশ্ন। ইমরান তুষার অবশ্য জানিয়েছেন এই সময়টা মেয়েরা সহকারী কোচের অধীনেই অনুশীলন করবে; কিন্তু সেটি মাঠের অনুশীলন নাকি ফিটনেস ট্রেইনিং তা নিয়েও রয়েছে ধোয়াশা, ‘অনেক দিনের একটা ছুটি ছিল, তো আগে কোচরা তাদের (খেলোয়াড়দের) ফিটনেসের ওপর জোর দেবে। এখানে আমরা জিম সেশন এবং ফিটনেস সেশন শুরু করব। পরবর্তীতে যখন জাতীয় দলের কোচ নির্ধারিত হবে, তখন তার নেতৃত্বে মাঠের অনুশীলন শুরু হবে।’