প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৭ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম
প্রস্তুতি ম্যাচে ইংলিশ মেয়েদের হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা— সংগৃহীত ছবি
বিশ্বকাপে যাবার আগে অধিনায়ক সুমাইয়া আক্তার বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলব। আমার মনে হয়, ওরাই ভয় পাবে।’ সেই ভয় পাওয়ানো প্রস্তুতি ম্যাচেই শুরু করেছে টাইগ্রেসরা। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় প্রস্তুতিতে ইংলিশ মেয়েদের হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইংলিশদের বিপক্ষে টাইগ্রেসদের লড়াই পৌঁছেছিল সুপার ওভার পর্যন্ত। বাংলাদেশ সেখানে পেয়েছে ২ রানের রোমাঞ্চকর জয়। ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের যেকোনো পর্যায়ের ক্রিকেটে এটি বাংলাদেশের প্রথম জয়।
বুধবার টস জিতে ব্যাটিং করা ইংল্যান্ড ২০ ওভারে তোলে ১১৩ রান। ছোট রানের লক্ষ্যে শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল এক রানের। হাতে উইকেটও ছিল একটি। তবে রান নিতে গিয়ে আউট হন নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে। সেখানেই টাইগ্রেসদের বাজিমাত।
ইংলিশ স্পিনার কোর্টিন কোলম্যানের ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। সাদিয়া আক্তার ৩ বলে অপরাজিত থাকেন ৮ রানে। জবাবে দুই রান পেছনে থামে ইংলিশ নন্দিনিরা। ১২ রানের পুঁজিতে দলকে দারুণ এক জয় এনে দেন হাবিবা আক্তার। তবে পেসার হাবিবার ওই ওভারেও নাটক বাকি ছিল। প্রথম ৫ বলে ৯ রান তোলা ইংলিশদের প্রয়োজন পড়ে শেষ বলে চার রানের। তবে ওই বল থেখে দুই রানের বেশি নিতে পারেনি স্ট্রাইকে থাকা ইংলিশ ব্যাটার প্রিশা তানাওয়ালা। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে বাংলাদেশ নারী জাতীয় দল (যেকোনো বয়সের) প্রথম জয়।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে জুনিয়র টাইগ্রেসরা পাচ্ছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ডকে। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে। চার গ্রুপে ভাগ হবে দলগুলো। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। এই পর্বের দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। টুর্নামেন্টের শিরোপা ফয়সালার মঞ্চ বসবে ২ ফেব্রুয়ারি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলসুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।অপেক্ষমান: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।