প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২০:০৩ পিএম
গতবছর টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর থেকে ছুটি কাটাচ্ছেন সাবিনা খাতুনরা। আগামী ১৫ জানুয়ারি থেকে তাদের ক্যাম্প শুরু হবে। তবে আসন্ন ফেব্রুয়ারি উইন্ডোতে মেয়েদের কোনো ম্যাচ খেলা হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিপক্ষ ঠিক করতে না পারায় সাবিনা খাতুনদের হতাশাতেই কাটাতে হচ্ছে।
সাফ জয়ী বাংলাদেশ খেলার জন্য প্রতিপক্ষ
ঠিক করতে না পারলেও, নেপাল চার জাতির টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। নারী ফুটবলের
প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলতে চেয়েছিলাম। এখনো
কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫
জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে। ২৩ জুন থেকে ৫ জুলাই
এশিয়ান কাপের বাছাই পর্ব আছে।’
ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ
খেলতে চেয়েছিল বাফুফে। প্রথমে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌদি খেলতে রাজি
হয়েও পরে ‘না’ করে দিয়েছে। বাফুফে বিকল্প হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ম্যাচ খেলার
প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের কেউই সবুজ সংকেত দেয়নি।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে
রাখা কোচ পিটার জেমস বাটলারকেই দায়িত্বে রেখে দিতে যাচ্ছে বাফুফে। এই ইংলিশ কোচের সঙ্গে
আপাতত এক বছরের চুক্তি করেছে তাবিথ আওয়ালের বাফুফে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের
সঙ্গে চুক্তি ছিল বাটলারের। এরপর কোচের পদে তার থাকা, না থাকা নিয়ে রকমারি গুজব ছড়াতে
থাকে। বাফুফে অফিসিয়ালদের কেউ কেউ ‘আনঅফিসিয়ালি’ বলতে থাকেন, বাটলারকে দায়িত্বে রাখা
হবে, কারো কারো ইঙ্গিত ছিল না-সূচক। সেখানেও ফুলস্টপ টেনে দিল বাফুফে।