প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৪ পিএম
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গতবারের পুনরাবৃত্তি; যেখানে আবারও মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সৌদির কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আজ রবিবার রাত ১টায় গড়াবে এল ক্ল্যাসিকো। রিয়াল মাদ্রিদের জন্য কিছুটা দ্রুতই; অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার ফাইনাল নিশ্চিতের ২৪ ঘণ্টা পর গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।
বড় ব্যবধানে মায়োর্কাকে
হারালেও প্রথমার্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে দলটি। তবে জুড বেলিংহ্যামের দারুণ পারফরম্যান্সের
সুবাদে ফাইনালে ওঠে লস ব্ল্যাঙ্কোসরা। কার্লো আনচেলত্তির দল মৌসুমের ইতোমধ্যে জিতেছে
উয়েফা সুপার কাপ ও ফিফা আন্তর্জাতিক কাপ। সৌদিতে আজ তারা জিততে চাইবে মৌসুমের তৃতীয়
শিরোপা। লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে জেতার রেসেও ভালোভাবেই টিকে
আছে স্প্যানিশ জায়ান্টরা।
সেদিক থেকে পিছিয়ে
নেই বার্সেলোনাও। এই সুপার কাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার (১৪) শিরোপা জেতার রেকর্ড
তাদের পক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার সুপার কাপ ট্রফি ঘরে তুলেছে রিয়াল। আজ রিয়ালের
সামনে সুযোগ বার্সাকে ছোঁয়ার; সর্বশেষ ফাইনালে বার্সাকে ৪-১ গোলে হারিয়েছিল ইউরোপের
সবচেয়ে সফল দলটি। তবে ওই মৌসুমে লা লিগার দ্বিতীয় লেগে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে
মাঠ ছাড়ে কাতালুনিয়ারা।
গেল বছর অক্টোবরে
রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওই জয়টি তুলে নেয় বার্সেলোনা। দারুণ সেই
জয়ের স্মৃতি আজ কিছুটা হলেও এগিয়ে রাখবে বার্সেলোনাকে। দলটির কোচ হ্যান্সি ফ্লিকও বলেছেন
বার্নাব্যুর মতোই খেলবে বার্সা, ‘আমরা মাদ্রিদে যেভাবে খেলেছি, তার চেয়ে অন্যভাবে খেলব
না। অবশ্যই আমরা এভাবেই খেলতে চাই, একটি দল হয়ে উঠতে চাই। সেখানে যা হয়েছে, তার তুলনা
এই ম্যাচের সঙ্গে করা যাবে না। তবে আমরা ভালো খেলার চেষ্টা করব।’
চলতি মৌসুমে বার্সেলোনার
দায়িত্ব নেওয়ার পর ফ্লিকের প্রথম ফাইনাল এটি। প্রথম শিরোপা জয়েরও হাতছানি। এখানে জিতে
মৌসুমের বাকি অংশের জন্য আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য এই কোচের, ‘কোচ হিসেবে
আমি অনেক ফাইনালে উঠেছি। এটি দারুণ ম্যাচ, সুপার কাপ। যদি আমরা ম্যাচটি জিততে পারি,
তাহলে বাকি মৌসুমের জন্য আমাদের আত্মবিশ্বাস দারুণ থাকবে। ম্যাচটি জেতা সবার জন্য অনেক
গুরুত্বপূর্ণ হবে।’
রিয়ালের বিপক্ষে
এই ফাইনালের আগে ঘুরেফিরে আসছে লা লিগায় ৪-০ গোলে বার্সার জেতা ম্যাচটি। যেখানে জোড়া
গোল করেছিলেন রবার্ট লেভানডফস্কি। একবার করে রিয়ালের জাল কাঁপিয়েছিলেন রাফিনহা ও লামিন
ইয়ামালে। সুপার কাপের ফাইনালেও তাদের ওপর ভরসা হ্যান্সি ফ্লিকের। বিশেষ করে, লেভানডফস্কির
দিকে তাকিয়ে বার্সা সমর্থকেরা। এই ম্যাচের আগে বার্সা তারকা বলেছেন, ‘আমরা সবকিছু জিততে
পারব কি-না, সে বিষয়ে এখনই কথা বলার সময় নয়। অবশ্যই আমরা সবাইকে হারাতে পারি। তবে সবকিছু
জিততে হলে মৌসুমে ভাগ্যকেও পাশে পাওয়া প্রয়োজন। আমাদের সামর্থ্য আছে, কিন্তু সক্ষমতা
এক জিনিস। বিজয়ী মানসিকতাও খুব প্রয়োজন।’
জয়ের ব্যাপারে
রিয়ালের খেলোয়াড়দের প্রতিও বার্তা দিয়েছেন দলটির কোচ আনচেলত্তি। গতকাল শনিবার সংবাদমাধ্যমকে
বলেছেন, ‘আমরা ওই ম্যাচের ভুলের পুনরাবৃত্তি করতে চাই না। সেখানে কী হয়েছিল এবং কোথায়
ভুল হয়েছিলÑ সেটি আমাদের মনে রাখতে হবে। ক্ল্যাসিকো সব সময়ই ক্ল্যাসিকো। তবে ফাইনাল
যেকোনো দলের জন্যই চাপের।’ রিয়াল মাদ্রিদ কোচ আলাদা করে কথা বলেছেন জুড বেলিংহ্যামকে
নিয়ে। সেমিফাইনালে যিনি দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। সবশেষ দুই মাসে টপ ইউরোপিয়ান
পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি ৯ গোল করেছেন এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। ফাইনাল
শেষে রাফিনহা, লেভানডফস্কি নাকি বেলিংহ্যাম, ভিনিসিয়ুসদের মুখে থাকবে শেষ হাসি, সেটিই
দেখার অপেক্ষা।