বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ০৯:৪৮ এএম
ঢাকার পর সিলেট পর্বেও জমছে বিপিএল। ব্যাটাররা রান পাচ্ছে, বোলাররাও দেখাচ্ছেন মান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরটির দ্বিতীয় পর্বের শেষের পথে, এখনও জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দল কখনও বোলিংয়ে কখনও-বা ব্যাটিংয়ে খারাপ করছে— জুটছে হার। তবে আজ তারা জয় পেতে মরিয়া।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার এক দিন বিরতির পর শুরু হচ্ছে বিপিএল। আজ দুপুর ১.৩০ মিনিটে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। বিকালে একই মাঠে ঢাকা মোকাবিলা করবে দুর্বার রাজশাহীকে।
ঢাকার পর সিলেট পর্বেও জয়ের ধারা ধরে রেখেছে রংপুর রাইডার্স। টানা ৬ ম্যাচে তারা জিতেছে সবক’টি। বরিশাল ছয় ম্যাচের তিনটিতে জিতে আছে দুইয়ে। পরের তিনটি অবস্থানে চার পয়েন্ট নিয়ে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী। চার ম্যাচে একটি জয় পেয়েছে সিলেট। ছয় ম্যাচ খেলা ঢাকা এখনও জয়শূন্য।
তবে ঢাকা মরিয়া আজকের ম্যাচে তারা জয়ে ফিরবে। ক্যাপিটালসদের ক্রিকেটার মুনিম শাহরিয়ারের মতে, কোচ খালেদ মাহমুদ সুজন এখনও মনোবল ধরে রেখেছেন এবং দলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুনিম বলেন, ‘স্যার কখনও মানসিকভাবে ভেঙে পড়েন না। আমাদের জীবনে এমন সময় আসতেই পারে। আমরা ভালো খেলতে পারছি না বলেই হারছি। তবে কোচ হিসেবে তার পরিকল্পনায় কোনো ঘাটতি নেই। উনি আমাদের যথেষ্ট মোটিভেট করছেন।’
রীতিমতো রান উৎসব চলছে বিপিএলে। এখন অবধি ঢাকার পর সিলেট— দুই পর্বেই হাইস্কোরিং উইকেটে আকর্ষণীয় ম্যাচ উপহার দিয়ে প্রশংসা কুড়াচ্ছে বিপিএল।