প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২১:১১ পিএম
আগামী বছর ভারতের মাটিতে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। মেগা এই আসরে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে টাইগ্রেসরা। সবশেষ সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় ক্যারিবীয়দের বিপক্ষেও বেশ আত্মবিশ্বাসী বাংলার মেয়েরা।
তিনটি ওয়ানডে
ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী
ক্রিকেট দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আগামী ১৯ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের
দুই ওয়ানডে ২১ ও ২৪ জানুয়ারি। এরপর একই ভেন্যুতে আগামী ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে তিনটি
টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।
আসন্ন সফর ঘিরে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে
খোলাখুলি কথা বলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই উইকেটকিপার ব্যাটার জানান, তাদের একটাই
লক্ষ্যÑ ওয়ানডে সিরিজটা নিজেদের করে নেওয়া। জ্যোতি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাইÑ যেন
চারটা পয়েন্ট নিতে পারি, বিশ্বকাপে সরাসরি খেলতে পারি। আমাদের ওয়ানডে দলটা গত সিরিজে
যেমন ভালো ক্রিকেট খেলেছে, আমি আমার দলকে একটা পরিষ্কার বার্তা দিতে চাইÑ ওখানে ভালো
ক্রিকেট খেলতে হবে, সিরিজ জিততে হবে। পরের হিসাবটা পরে আসবে। ম্যাচ জিতলে তো সমীকরণ
মিলেই যাবে। ম্যাচ জেতার দিকেই আমাদের ফোকাস।’
দলের সবাই ওয়ানডে
সিরিজটিকে বিশ্বকাপের টিকিট পাওয়ার মিশন হিসেবে নিয়েছে। এই কারণেই জ্যোতির কণ্ঠে আত্মবিশ্বাস
খানিকটা বেশি, ‘যেখানেই আমরা খেলতে যাই না কেন, চ্যালেঞ্জ থাকবেই। কোথাও কেউ আমাদের
সহজভাবে স্বাগত জানাবে না। অবশ্যই কঠিন চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। আমাদের ইতিবাচক
থাকার গুরুত্ব অনেক বেশি। সেন্ট কিটসের উইকেট সম্পর্কে আমাদের ধারণা আছে। হ্যাঁ আমরা
২০১৮ সালে খেলে এসেছিলাম, ওই দলের বেশিরভাগ ক্রিকেটারই এখানে নেই। সাফল্য-ব্যর্থতা
নির্ভর করছে দল আসলে কীভাবে দেখছে এই সিরিজটাকে। এটা শুধুই কি একটা সিরিজ, নাকি বিশ্বকাপের
টিকিটÑ সেটা মাথায় রাখা জরুরি। সবার অনুশীলন ও কথাবার্তা শুনে মনে হচ্ছেÑ সবাই এই সিরিজকে
ঘিরে অনেক বেশি ফোকাসড। কেউই চায় না আমরা বাছাইপর্ব খেলি।’