প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১৮:৪৮ পিএম
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজালেও গোলটাই পায়নি ঢাকা আবাহনী। তবে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে জালমুখ খোলার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মারুফুল হকের দলকে। চট্টগ্রাম আবাহনীকে বড় ব্যব্যধানেই হারিয়েছে আকাশি-নীলরা। বড় জয়ে পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। তালিকার ছয় থেকে এক লাফে দুইয়ে উঠে এসেছে আবাহনী।
শনিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলায় চট্টগ্রাম আবাহনীকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী। প্রথমার্ধে এক গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর জালে আরও তিন গোল দেয় আকাশি-নীলরা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন মোহাম্মদ ইবরাহীম। একবার করে প্রতিপেক্ষের জাল কাঁপিয়েছেন এনামুল হোসেন গাজী ও ইকরামুল মোল্লা।
সাত খেলায় এক হার, এক ড্র এবং পাঁচ জয়ে ১৬ পয়েন্ট ঢাকা আবাহনীর। সমান ম্যাচে এবং শতভাগ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৫ এবং ১৪ পয়েন্ট নিয়ে তিন ও চারে যথাক্রমে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি এবং ব্রাদার্স ইউনিয়ন। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।