প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২২:২৮ পিএম
বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অর্থ-প্লেয়ার ও আয়োজনের দিক থেকে আইপিএলের ধারেকাছে নেই অন্য কোনো লিগ। অথচ জম্মু ও কাশ্মির থেকে ভারতের প্রথম ক্রিকেটার পারভেজ রসুল মনে করেন আইপিএলের চেয়েও কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন
পারভেজ। আর ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রূপগঞ্জ
ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। বাংলাদেশের ঘরোয়া লিগের হয়ে সব মিলিয়ে ৪ মৌসুম খেলেছেন
তিনি। দুই লিগের প্রেক্ষাপট মিলিয়ে তার কাছে মনে হয়েছে, আইপিএলের চেয়েও ঢাকা লিগে খেলা
কিছুটা কঠিন। ‘অফ স্ক্রিপ্ট’ শোতে পারভেজ বলেছেন, ‘বাংলাদেশের ঢাকা লিগে আমি পাঁচ বছর
খেলেছি। আমার মতে, ঢাকা লিগ আইপিএলের চেয়ে কঠিন। আমি আইপিএল ও ঢাকা লিগেও খেলেছি।’
তিনি আরও বলেছেন, ‘কোনো নাম বলব না। কিন্তু বেশ কয়েকজন
বড় খেলোয়াড় আছেন, যারা সেখানে (ডিপিএল) খেলেছেন এবং ২-৩ ম্যাচ পরই ফেরত পাঠানো হয়েছে।’