প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৪:০৩ পিএম
দ্বিতীয় সন্তানের বাবা হবেন প্যাট কামিন্স। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই তিনি শ্রীলঙ্কা সফর থেকে সরে দাঁড়িয়েছেন। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে স্টিভেন স্মিথকে।
প্যাট কামিন্সকে পিতৃত্বকালীন ছুটিতে পাঠিয়েই বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শ্রীলঙ্কার স্পিন সহায়ক কন্ডিশনের বিষয়টি মাথায় রেখে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ নাথান লায়নের সঙ্গে টড মার্ফি, ম্যাট কুনেমান ও নতুন মুখ কুপার কনোলিকে। বোর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্ট থেকে বাদ পড়া মিচেল মার্শের এই দলেও জায়গা হয়নি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় পেসার জশ হ্যাজলউডকেও রাখা হয়নি। অভিষেকের পর থেকেই আলোচিত ওপেনার স্যাম কনস্টাস প্রত্যাশিতভাবেই জায়গা ধরে রেখেছেন। ফেরানো হয়েছে আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিকেও।
মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলকে টেস্ট দলে না রাখার কারণ জানাতে গিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরের পরপরই চ্যাম্পিয়নস ট্রফি। ওদেরকে (মার্শ ও ম্যাক্সওয়েল) চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।’