অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৫ পিএম
তৃতীয় ম্যাচ জিতে আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে ব্যাট-বলে পারফরম্যান্সও হলো প্রয়োজনমাফিক। সিরিজে দলীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ল ব্যাটাররা। ছন্দ ধরে রাখলেন বোলাররাও। দাপুটে ব্যাটিং-বোলিংয়ে সিরিজের শেষ ম্যাচেও জয় ছিনিয়ে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
২১ রানে জিতেছে সফরকারী লাল-সবুজের প্রতিনিধিরা। লক্ষ্য তাড়ায় ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।
কলম্বোর মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়ে গিয়েছিল দেশের মেয়েরা। কিন্তু শেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে প্রত্যাবর্তনের গল্প লিখে সমতা রেখে সিরিজ শেষ করল সুমাইয়া আক্তাররা।
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের ঘাটতি পূরণের শেষ সুযোগ ছিল এই সিরিজে। প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে হারলেও পরে উন্নতি করেছে তারা। বিশ্বকাপ খেলতে আগামী শনিবার শ্রীলঙ্কা থেকেই মালয়েশিয়ায় উড়ে যাবে বাংলাদেশ টিম।
আজ বৃহস্পতিবার বাংলাদেশের জার্সি গায়ে দলীয় ২৪ রানের বেশি যোগ করতে পারেনি কেউ। তবে সাত ব্যাটার এনে দেন দুই অঙ্ক ছোঁয়া ইনিংস। তাতেই মেলে লড়াকু পুঁজি।
শুরুতে ব্যাট হাতে মাঠে নেমে প্রথম দুই বলেই বাউন্ডারি মারেন ফাহমিদা ছোঁয়া। প্রথম ৪ ওভার থেকে ৩৯ রান তুলে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারে ফাহমিদা ফিরে যান ৭ বলে ১১ রান নিয়ে।
পর পর দুই বলে বিদায় নেন সুমাইয়া আক্তার সুবর্ণা (১৫ বলে ১৩) ও ঈভা (১৭ বলে ২০)। পরে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তারও দীর্ঘক্ষণ ক্রিজে থাকতে পারেননি।
ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের পার্টনারশিপ গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আগের ম্যাচের নায়ক আফিয়া এবার ব্যর্থ হন। ২৩ বলে এনে দেন ২১ রান। জান্নাতুল যোগ করেন ২৭ বলে ২৪।
ম্যাচের শেষভাগে ১টি করে চার-ছক্কায় ৯ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় ইনিংসকে ১২৬ রানে পৌঁছে দেন সাদিয়া আক্তার। শ্রীলঙ্কার জার্সি গায়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন রাশমিকা সেওয়ান্দি।
জবাবে প্রথম বলেই রানআউটের শিকার হন সাঞ্জানা কাভিন্দি। পরে শূন্য হাতে বিদায় নেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি লঙ্কানরা। অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রানের ইনিংস খেলে একপ্রান্তে টিকে থাকেন। কিন্তু রানরেট বাড়াতে পারেননি।
সাতে নেমে ৫ চার, ২ ছক্কায় হিরুনি হানসিকা ২৯ বলে খেলেন ৪৪ রানের চমৎকার ইনিংস। ক্রিজের অন্য প্রান্ত থেকে সঙ্গ না পেয়ে হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে তার প্রচেষ্টা। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট পেয়েছেন জান্নাতুল। তার সঙ্গে ৪ ওভারে দুই মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট পকেটে পোরেন নিশিতা আক্তার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১২৬, ১৯.৫ ওভার (ফাহমিদা ১১, ঈভা ২০, সুবর্ণা ১৩, সাদিয়া ইসলাম ১০, আফিয়া ২১, জান্নাতুল ২৪, সাদিয়া আক্তার ১৫; রাশমিকা ৩/২৮ ও মুনাসিংহে ২/১৮)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল : ১০৫/৮, ২০ ওভারে (সেনেথমা ১২, বালাসুরিয়া ০, নানায়াক্কারা ২৫, হানসিকা ৪৪*; নিশিতা ৪-২-৯-১, ফাহমিদা ১/১৮, ফারজানা ১/২৯, সুবহা ১/২৩ ও জান্নাতুল ৩/২৩)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২১ রানে জয়ী
সিরিজ : চার ম্যাচের সিরিজ ২-২ এ ড্র