বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৯ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:০৮ পিএম
ব্যাট হাতে শুরুতে ফিফটির দেখা পেলেন তানজিদ হাসান তামিম। তবে ঠিক টি-টোয়েন্টির মারকাটারি ব্যাটিং করতে পারেননি এই ওপেনার। এরপর ঢাকা ক্যাপিটালসের ইনিংসের হাল ধরেন সাব্বির রহমান। ডানহাতি এই ব্যাটারের বিধ্বংসী ইনিংসে চট্রগ্রাম কিংসের বিপক্ষে শক্তিশালী পুঁজি দাঁড় করিয়েছে রাজধানীর দলটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলে প্রথম জয়ের খোঁজে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের পুঁজি পেয়েছে ঢাকা। দলের হয়ে ৯ ছক্কা ও ৩ চারে ৩৩ বলে সর্বোচ্চ ৮২ রান করে অপরাজিত থাকেন সাব্বির। আর তানজিদ তামিম ৪৮ বলে করেন ৫৪ রান।
ম্যাচের শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। ৪ বলে মাত্র ১ রান করে ফিরে যান ইংলিশ ওপেনার জেসন রয়। তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম ধীরে ধীরে ইনিংস মেরামতের চেষ্টা করেন। পাওয়ারপ্লে শেষে ১ উইকেটে স্কোর ছিল ৪১। তবে স্টিফেন এসকিনাজি (১৫) ও শাহাদাত হোসেন দিপু (৫) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে ঢাকা। এরপর সাব্বির রহমান ক্রিজে এসে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হন। প্রতি ওভারেই মারমুখী শট খেলে দ্রুত রান তুলতে থাকেন তিনি।
সাব্বিরের দুর্দান্ত ফিফটি আসে মাত্র ২২ বলে। এরপরও তার ব্যাটিংয়ের দাপট থামেনি। চট্টগ্রামের কোনো বোলারই তাকে থামানোর পথ খুঁজে পাননি। সাব্বিরের সঙ্গে তানজিদ হাসানও অর্ধশতক পূর্ণ করেন। ৪৮ বলে ৫৪ রান করে তিনি বিদায় নেন। অন্যদিকে, সাব্বির শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের রান ১৭৭-এ নিয়ে যান। ৩৩ বলের বিধ্বংসী ইনিংসে সাব্বির মারেন ৯টি ছক্কা ও ৩টি চার। শেষদিকে ফারমানউল্লাহ ৯ বলে অপরাজিত ১০ রান করেন। চট্টগ্রামের পক্ষে খালেদ আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ও আলিস আল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।