প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১১:৫৭ এএম
আপিল করেও কাজ হয়নি রিয়াল মাদ্রিদের। ভালেন্সিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখা ভিনিসিয়ূস জুনিয়র এড়াতে পারেননি নিষেধাজ্ঞার শাস্তি। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন, ভিনিকে এই শাস্তি দেওয়া ঠিক হয়নি।
লা লিগার খেলায় গত শুক্রবার ভালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে আঘাত করেন ভিনিসিয়ূস। ভিএআরে কয়েকবার রিপ্লে দেখে ৭৯ মিনিটে ভিনিকে লাল কার্ড দেখান রেফারি। সে সময় ১-০ গোলে পিছিয়ে থাকা স্প্যানিশ চ্যাম্পিয়নরা পরে ম্যাচ জেতে ২-১ গোলে।
ওই ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ভিনিসিয়ূসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে। গোলরক্ষককে আঘাতের ঘটনা আগ্রাসী মনে না হওয়ায় আরও বড় শাস্তির হাত থেকে বেঁচে যান তিনি।
এই শাস্তি কার্যকর হবে কেবল লা লিগার ম্যাচে। তাই আজ রাতে মায়োর্কার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে ভিনিসিয়ূসের খেলতে বাধা নেই। সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মলেন রেয়াল কোচ আনচেলত্তি বললেন, 'যখন মানুষ বলে যে ভিনিসিয়ূস (প্রতিপক্ষকে) উস্কানি দেয়, তখন সে যে অপমান সয় সেটা থেকে তারা আসলে মনোযোগ সরিয়ে নেয়। আমরা সবাই শুনেছি, মাঠে কী হয়েছে। ভিনিসিয়ূসের জন্য এটা কঠিন। এই নিষেধাজ্ঞা সঠিক নয়… আমরা প্রতিটি ক্ষেত্রেই ভিনিসিউসকে পেয়ে উচ্ছ্বসিত।'
সর্বশেষ মৌসুমে রিয়ালের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ভিনিসিয়ূস। এর আগে ব্যালন ডি’অরে হন দ্বিতীয়। মাঠে অনেক সময়ই প্রতিপক্ষের সঙ্গে লেগে যায় ভিনির। ক্লাব ক্যারিয়ারে কেবল দুইবার লাল কার্ড দেখেছেন তিনি। মজার ব্যাপার হল দুটোই ভালেন্সিয়ার বিপক্ষে। প্রথমবার ২০২৩ সালের মে মাসে, সেবার দর্শকদের একটা অংশ থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন তিনি।