প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৪:০৫ পিএম
‘টেস্ট ক্রিকেটকে রক্ষা করতে’ দুই স্তরের কাঠামোয় সাজানোর প্রস্তাব আইসিসিকে দিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সদ্যসমাপ্ত বোর্ডার গাভাস্কার সিরিজের পর এর আলোচনা জোর পেয়েছে বেশ। এর পক্ষে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী।
সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানাচ্ছে, এই মাসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের এই দুই স্তরের টেস্ট কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনায় বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এই কাঠামো প্রবর্তন করা হলে বাংলাদেশের মতো দলের জন্য টেস্ট ক্রিকেটে শীর্ষ দলগুলো যেমন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা হবে না আর, যা আবার আর্থিকভাবেও ক্ষতি করতে পারে দলগুলোকে।
ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডসহ শক্তিশালী দলগুলোকে এক স্তরে এবং আরেক স্তরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দলগুলোকে রেখে দুই স্তর বিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা আইসিসির চেয়ারম্যান জয় শাহ'র।
জয় শাহ'র মাথায় এই পরিকল্পনা এসেছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখে। বড় দলগুলোর মধ্যকার টেস্টে দর্শক বেশি টানে বলে বিশ্বাস তার। তাই সেই দলগুলোকে প্রথম স্তরে রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ভাবছেন তিনি।
দুই স্তর বিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের সম্ভাব্যতা নিয়ে এরই মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনাও হয়েছে তার। বাকি বোর্ডগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে কথা বলবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
দুই স্তর বিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পরিকল্পনা কার্যকর হলে বাংলাদেশ বা আফগানিস্তানের মতো দলগুলো আর ভারত, অস্ট্রেলিয়া এমনকি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলগুলোর সঙ্গেও টেস্ট খেলার সুযোগ পাবে না আর।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম স্তরে থাকবে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান। আর দ্বিতীয় স্তরে থাকবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। এই প্রতিযোগিতায় অবনমন ও উত্থানের নিয়মের কথাও বলা হচ্ছে।