প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭ পিএম
ফারুক আহমেদের দাবি, কাজের চাপ বেশি হওয়ার কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে— সংগৃহীত ছবি
মাঠের বিপিএল যখন জমে উঠছে, তখন মাঠের বাইরের একের পর এক বিতর্ক। কদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার একান্ত প্রেস সচিবের বচসার কথা সামনে আসে। এবার অভিযোগ আরও গুরুতর। বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বোর্ড সভাপতি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এমন একটি সাক্ষাৎকার দিয়েছেন পরিচালক ফাহিম। তারপরই সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেছেন, ‘ভুল বোঝাবুঝি হতে পারে।’
ফারুক আহমেদের মতে কাজের চাপের কারণে কথা কাটাকাটি হতে পারে। প্রখ্যাত ক্রিকেট কোচ ফাহিমের সাক্ষাৎকারসহ প্রকাশিত এক খবরে দাবি করা হয়, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার সাথে দুর্ব্যবহার করেছেন। কাজ করা কঠিন হওয়ায় বিসিবি থেকে পদত্যাগের কথাও ভাবছিলেন ফাহিম। তবে বোর্ড সভাপতির ভাষ্য, পদত্যাগ নয়, কাজ করা কঠিন অমন বলেছেন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ বোর্ড সভাপতি বলেন, ‘পদত্যাগ করতে চায়নি। (বোর্ড পরিচালক ফাহিম) বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। যমুনা টিভির সাথে আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সাথে ছিল।’
ফারুক আহমেদের দাবি, কাজের চাপ বেশি হওয়ার কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, ‘নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ঐ জিনিস থেকেই উনি হয়ত চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’
এদিকে যেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে, সেদিন অর্থাৎ বিপিএলের উদ্বোধনী দিন বিসিবির প্রেসিডেন্ট বক্সে ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বিসিবি সভাপতির ওপর ক্ষোভ ঝেড়েছেন বলে খবর। এই বিষয়টিও ভূমিকা রেখেছে ফাহিমের সাথে কথাবার্তায়।
বিসিবি সভাপতিও তেমনটি বলেছেন, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়ত আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।’
তবে ফারুক আহমেদ জানিয়েছেন. অভিমান কমেছে ফাহিমের সমাধানও হয়েছে সমস্যার, ‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র প্লেয়ার। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি।’