প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩৫ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৪:৫১ পিএম
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজও দুর্দান্তভাবে শুরু করল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনসহ দলের প্রধান কয়েকজন খেলোয়াড় না থাকলেও দাপট দেখালেন তরুণরাই। ওয়েলিংটনে সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৯ উইকেটে হারিয়েছে কিউইরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
ওয়েলিংটনে রবিবার টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তবে ম্যাট হেনরির বোলিং তোপে ব্যাট হাতে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ২৩ রানেই তাদের ৪ উইকেট পড়ে যায়। ওপেনার পাথুম নিশাঙ্কা (১৮ বলে ৮), কুশল মেন্ডিস (৮ বলে ২), কামিন্দু মেন্ডি (৯ বলে ৩) ও চারিথ আসালঙ্কা (৫ বলে ০) দ্রুত সাজঘরে ফেরেন। পঞ্চম উইকেটে আভিস্কা ফার্নান্ডো ও জেনিথ লিয়ানাগে শ্রীলঙ্কার বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজন মিলে গড়েন ৮৭ রানের জুটি।
তবে লিয়ানাগে ৫৪ বলে ৩৬ রান করে আউট হওয়ার পর মাত্র ৪ বলের ব্যবধানে ফার্নান্ডোও (৬৩ বলে ৫৬ রান) ফিরে যান। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা, যা শ্রীলঙ্কার ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ। এরপর সপ্তম উইকেটে চামিন্দু বিক্রমাসিংহে (৪২ বলে ২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৩ বলে ৩৫) ৪৮ রানের আরেকটি জুটি গড়েন। তবে নিচের সারির ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৪৩.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
বোলিংয়ে ম্যাট হেনরি ১৯ রানে ৪ উইকেট শিকার করেন। জ্যাকব ডাফি ও নাথান স্মিথ নেন ২টি করে উইকেট।
১৭৯ রানের লক্ষ্য তাড়ায় ঝড়ো সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রাবিন্দ্রা। মাত্র ১২ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ৯৩ রান। রাবিন্দ্রা ৩৬ বলে ৪৫ রান করে আউট হলেও উইল ইয়ং অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। তিনি ৮৬ বলে ৯০ রানের ইনিংস খেলেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের ১০ম ফিফটি। তার সঙ্গে ৩৬ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন মার্ক চ্যাপম্যান। ম্যাচসেরা হন ম্যাট হেনরি।