প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৮ পিএম
শুক্রবার রাতে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে নৈশভোজ করছেন আফ্রিদি— ছবি: চিটাগং কিংস
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া নিয়ে নাটকীয়তার অন্ত নেই। ২০২৩ সালে সিরিজের মাঝে ঘোষণা দিয়ে অবসর নেওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরে এসেছিলেন। এরপর দুটি ওয়ানডে খেলে আর বিশ্বকাপে খেলতে যাননি। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই সংস্করণ নিয়ে এরপর আর স্পষ্ট কিছুই বলেননি। তবে তামিম যেন ‘অবসরের’ ঘোষণা খোলাশা করে দিলেন আচমকাই।
পাকিস্তানের তারকা সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও আলাপনে তামিম শুনিয়েছেন ‘শেষের’ কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আলোচনায় আসে জাতীয় দলে তামিমের ফেরার প্রশ্ন। কিন্তু সেটি নিয়ে কোনো মন্তব্য করেননি, এমনকি বিসিবিও তার ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। এরমাঝে এল না ফেরার কথা।
শুক্রবার রাতে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে নৈশভোজ করছেন আফ্রিদি। পাশে ছিলেন তামিম এবং শাহীন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-আফ্রিদি ও নবীরা। ভিডিওতে দেখা যায় আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’
তামিম বলেছেন, ‘জাতীয় দল থেকে… জাতীয় দলে আর খেলছি না।’ একপর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন- তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? আফ্রিদি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসছি না।’ তখন সবাই একইসঙ্গে হেসে ওঠেন।
পরে আফ্রিদি বলেন, ‘তুমি এখনও তরুণ, খেলতে থাকো, অবসর নেয়ার কী প্রয়োজন। এখনও ভালো খেলছ, অনুশীলনে সময় দিচ্ছ অনেক।’
চলতি বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলছেন নবী ও শাহীন আফ্রিদি। আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়া তামিমের ফেরা নিয়ে প্রায়ই প্রশ্ন আসে। কথা বলেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদও। তবে তামিম যে আর ফিরছেন না সেটা জানালেন শহীদ আফ্রিদির সঙ্গে আলাপে।