প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬ পিএম
বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট নাটকীয় মোড় নিয়েছে। সিডনিতে প্রথম ইনিংসে ১৮৫ রান তুলেও লিড নিয়েছিল ভারত। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস তারা ১৮১ রানে গুটিয়ে দেয়। ভালো কিছুর আশা জাগলেও দ্বিতীয় ইনিংসে ভারতকে ফের ডুবিয়েছে ব্যাটাররা। অজি পেসার স্কট বোল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে ১৪১ রান তুলতেই ফের ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ৪ উইকেট হাতে রেখে তাদের লিড হয়েছে ১৪৫ রানের।
শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোহিত শর্মাকে ছাড়া মাঠে নামা ভারতের বোলাররা অজিদের চেপে ধরেছিল। বিশেষ করে ভারতের পেস আক্রমণের সামনে নাকানি চুবানি খেয়েছে স্বাগতিক ব্যাটাররা। সর্বোচ্চ ৫৭ রান করেছেন বিউ ওয়েবস্টার। আর কেউ চল্লিশের ঘরেও যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন স্টিভেন স্মিথ। অজিদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে ৫১ ওভার। তিনটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া চোট পেয়ে মাঠ ছাড়া অধিনায়ক বুমরাহ এবং নিতিশ রেড্ডি দুটি করে উইকেট নিয়েছেন।
৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ভারতের শুরুটা কিন্তু মন্দ হয়নি। যশস্বী জয়সোয়াল আর লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে ওঠে ৪২ রান। স্কট বোল্যান্ডের বলে রাহুল (১৩) বোল্ড হতেই নিয়মিত বিরতিতে উইকেট পতন শুরু হয়। বিরাট কোহলি আরও একবার ব্যর্থ হয়েছেন। বোল্যান্ডের অফ স্টাম্পের বলে খোঁচা মেরে সেই পুরনো কায়দায় আউট হয়েছেন ৬ রানে। মিডল অর্ডারে রিশাভ পান্ত এদিন টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং শুরু করেন। ৩৩ বলে ৬ চার এবং ৪ ছক্কায় ৬১ রানে শিকার হন কামিন্সের। রোহিতের জায়গায় একাদশে আসা শুভমান করেন ১৩ রান।
ভারতের পতন হওয়া ৬ উইকেটের ৪টিই নিয়েছেন বোল্যান্ড। বাকি দুটি নিয়েছেন প্যাট কামিন্স আর ওয়েবস্টার। ভারতের হাতে থাকা বাকি ৪ উইকেটের মধ্যে বুমরাহর মাঠে নামার সম্ভাবনা কম। ফলে সফরকারীদের হাতে আছে আসলে ৩ উইকেট। স্বীকৃত ব্যাটার বলতে আছেন কেবল রবীন্দ্র জাদেজা। ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। তার সঙ্গী ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত।
পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।