প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:০৭ পিএম
সর্বশেষ টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে সাফল্যের চূড়ায় ছিল সিটিজেনরা। কিন্তু এই মৌসুমে হঠাৎ করে ছন্দপতন। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বর্তমান চ্যাম্পিয়নরা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচে জয় মাত্র দুটি। হার ৯ ম্যাচে, ড্র তিনটি। ম্যানচেস্টার সিটির হাল এর আগে এমন কবে হয়েছিল সেটি মনে করাই কঠিন।
বাজে পারফরম্যান্সের ছাপ পড়ছে লিগ টেবিলে; ম্যানসিটি নেমে গেছে ষষ্ঠ স্থানে। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩১। শিরোপা জেতার স্বপ্ন দেখাই অবাস্তব। লিগের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে যাওয়ার আশঙ্কায় তারা। ছয় গ্রুপ ম্যাচে মাত্র দুটি জয়। প্রথম পর্বে তাদের অবস্থান ২২তম। এই পরিস্থিতিতে দলের তারকা বের্নার্দো সিলভা জানালেন, শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে ম্যানসিটি।
সম্প্রতি স্কাই স্পোর্টসকে পর্তুগিজ তারকা বলেছেন, ‘এটা বাস্তবতা মেনে নেওয়ার সময়। আমি লিভারপুলের দিকে তাকাচ্ছি না, লিগে আমরা ষষ্ঠ বা সপ্তম স্থানে। লিভারপুল, আর্সেনাল বা অন্য কারও দিকে তাকাতে পারি না আমরা। এখন আমাদের ভাবনায় পরের ম্যাচ, চেষ্টা করবো তিন পয়েন্ট পেয়ে পঞ্চম হতে, তারপর চতুর্থ ও তৃতীয়। মৌসুমের শেষ ১০ খেলায় হিসাবনিকাশ হবে কোথায় যাওয়া যায়।’