× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

রাজশাহীকে পাত্তাই দিল না চট্রগ্রাম কিংস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৭:২৬ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৮:১০ পিএম

দুর্বার রাজশাহীকে ১০৫ রানে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে চট্রগ্রাম কিংস; ছবি: আ. ই. আলীম

দুর্বার রাজশাহীকে ১০৫ রানে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে চট্রগ্রাম কিংস; ছবি: আ. ই. আলীম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরেছিল চট্রগ্রাম কিংস। তবে দ্বিতীয় ম্যাচেই  দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বন্দর নগরীর দলটি। ব্যাট হাতে তুলোধুনো করার পর বল হাতেও দুর্বার রাজশাহীকে নাস্তানাবুদ করেছে মোহাম্মদ মিঠুনের দল। 

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীকে ১০৫ রানের বড় ব্যবধানে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে চট্রগ্রাম কিংস। তাদের দেওয়া ২২০ রান তাড়া করতে নেমে ১৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৪ রানে থেমেছে রাজশাহী। যা বিপিএলের ইতিহাসে সমন্বিতভাবে দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

চট্রগ্রামের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহী। ৫ বলে ৮ রান করে প্রথম ওভারেই শরিফুল ইসলামের শিকার হন সাব্বির হোসেন। ৯ বলে ৮ রান করে দলীয় ৪১ রানে আউট হন অধিনায়ক এনামুল হক বিজয়। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে বিদায় নেন একপ্রান্ত আগলে ঝড় তোলা মোহাম্মদ হারিসও। ১৫ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৩২ রানে থামেন তিনি।

চতুর্থ উইকেটে হাল ধরার চেষ্টা করেছিলেন আকবর আলী ও ইয়াসির আলী। তবে তাদের সুযোগ দেননি চিটাগংয়ের বোলাররা। ১২ বলে ১৮ রান করে আকবর আর ১৫ বলে ১৬ রান করে ইয়াসির আউট হন। দলীয় ৯৬ রানে রায়ান বার্লও আউট হলে হার একপ্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। ৯ বলে ১০ রান করে আউট হন আগের ম্যাচে ঝোড়ো ফিফটি হাঁকানো জিম্বাবুয়ের এ ব্যাটার। তার বিদায়ের দলের খাতায় আর ১৮ রান যোগ হতে অলআউট হয় রাজশাহী। তাতে ১০৫ রানের বড় জয় পায় চিটাগং।

বোলিংয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি ও আলিস আল ইসলাম। ২টি করে ‍উইকেট ভাগ করে নিয়েছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তানি ব্যাটার উসমান খানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে চট্রগ্রাম কিংস। চলতি আসরের প্রথম সেঞ্চুরিয়ান উসমান ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় করেছেন ১২৩ রান। ২৫ বলে ৫ চার ও ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে। অধিনায়ক মিঠুন ১৫ বলে ২৮ ও হায়দার আলী ৮ বলে অপরাজিত ১৯ রান করেন। রাজশাহীর সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা