বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১২:৫৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:১৫ পিএম
বিপিএলে রেকর্ড পাতায় নাম লেখানোর পর অঙ্কনের উল্লাস। ছবি : আ. ই. আলীম
শুরুতেই রক্ষা। অল্পতেই ফেরার কথা ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের। অথচ সেই অঙ্কন কি না নাড়িয়ে দিলেন ইতিহাস। মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ২২ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তার ফিফটি ছিল মাত্র ১৮ বলে। ১ চার ও ৬ ছক্কায় সাজানো ছিল সেই ইনিংস। তার মধ্যে ছিল হেলিকপ্টার শটও; যা আলাদাভাবে নজর কেড়েছে।
বিশেষ এ শট নিয়ে দিন দুয়েক বাদে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন অঙ্কন। ২৫ বছর বয়সি এ কিপার-ব্যাটার জানালেন, বিশেষ ডেলিভারির জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি।
অঙ্কন বলেন, ‘আমি শুধু চেয়েছি বলটা কীভাবে টাইমিং করা যায়। আমার মনে হচ্ছিল, ও রকম ডেলিভারি আসতে পারে। তার জন্য ওই শটটা খেলতে পেরেছি।’
সেদিন ফিফটি করেন ১৮ বলে, বিপিএলে যা বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। তার ৫৯ রানের ইনিংসের স্ট্রাইক রেট ২৬৮.১৮। বিপিএলে ফিফটি ছোঁয়া ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম আড়াইশ স্ট্রাইক রেট এটি। এ নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই কাজ করেছি। চেষ্টা করেছি আরও কীভাবে উন্নতি করা যায়। এখন পর্যন্ত যতগুলো বিপিএল খেলেছি, একেক সময় আমার ভূমিকা একেক রকম ছিল। শেষবার যখন বিপিএল খেলেছি তখন আমার ভূমিকা ছিল অন্যটা। এখানে আমার ভূমিকা অন্যরকম। খুলনা টাইগার্সের ম্যানেজমেন্ট, অধিনায়ক তারা আমাকে ওইভাবে অনুপ্রাণিত করেছেন, আমি যেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি।’