প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ২০:৪৮ পিএম
দেশসেরা ও আলোচিত আর্চারি জুটি রোমান সানা-দিয়া সিদ্দিকী। দুজনেই বাংলাদেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পদক জেতার পাশাপাশি অংশ নিয়েছেন অলিম্পিক গেমসে। এই জুটি ভিন্ন কারণে এবার সংবাদের শিরোনাম হলেন; গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দুজন! তাদের আগে মার্কিন মুলুকে পাড়ি জমান অসিম কুমার দাস, হাকিম আহমেদ রুবেল।
গত শনিবার দেশত্যাগ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থান করছেন রোমান-দিয়া। এই দম্পতির যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী। এছাড়া একাধিক সূত্র তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২১ সালে পাওয়া যুক্তরাষ্ট্রের ভিসা কাজে লাগিয়েই আর্চাররা সবাই গেছেন। রোমান ও দিয়ার সঙ্গে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা হলেও তারা কেউ সাড়া দেননি। তবে দিয়া সিদ্দিকীর বাবা বলেছেন, ‘বুধবার ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে আছে বলতে পারবো না।’
দিয়া-রোমান কী স্থায়ী হতে যুক্তরাষ্ট্র গেছেন? এমন প্রশ্নে দিয়ার বাবা বলেন, ‘দিয়া বেশ কিছু দিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। ভারতের ভিসা বন্ধ থাকায় ওদের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। পরে ওরা জানায় যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি চিকিৎসা করাতেই গিয়েছে। এর বেশি কিছু জানি না। থেকে যাবে কিনা এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই। ওরা এরকম কিছু এখন পর্যন্ত আমাকে বলেনি।’
জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ দুই শিষ্যের দেশত্যাগের বিষয়ে বলেছেন, ‘আমি খবরটা শুনে সত্যি হতবাক হয়েছি। আমি ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। গতকাল (বুধবার) ঢাকায় ফিরেছি। ওরা সত্যিই খেলা ছেড়ে চলে গেলো কিনা বলতে পারবো না। এ ব্যাপারে খোঁজ নিয়েই আসলে মন্তব্য করতে পারবো। তবে এরকমটা যদি ঘটে থাকে, সেটা হবে দুঃখজনক।’