প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৭:১৯ পিএম
বুধবারই জানা গিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আনুষ্ঠানিক চিঠি পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ একদিন পর তথা আজ বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বুঝে পেল দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ১২টি শর্তে চট্টগ্রামের এই স্টেডিয়ামটি আগামী ২৫ বছরের জন্য ফুটবল ফেডারেনশনকে লিজ দিয়েছে এনএসসি।
চিঠিতে অবশ্য কঠিন কোনো শর্ত আরোপ করেনি এনএসসি। তারা জানিয়েছে ২৫ বছরের জন্য এই চুক্তি কার্যকর হবে। এ সময়ে স্টেডিয়ামের যে কোন ধারনের সংস্কার, মেরামত ও উন্নয়নমূলক কাজ জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিত করে সম্পন্ন করতে হবে। এ কাজের যাবতীয় ব্যয়ভার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বহন করতে বলেছে এনএসসি।
লীজকৃত সময়সীমার মধ্যে ক্রীড়ানুষ্ঠান চলাকালীন বা অন্য কোন কারণে মাঠ কিংবা স্টেডিয়ামের অবকাঠামোর কোন ক্ষতি সাধিত হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উক্ত ক্ষয়-ক্ষতির ব্যয়ভার বহন করবে বলেও জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাছাড়া স্টেডিয়ামের বিদ্যুৎ (ফ্লাড লাইটসহ), পানি, গ্যাস, টেলিফোনসহ ও অন্যান্য ইউটিলিটি বিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বহন করতে হবে।