প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯ পিএম
গ্রুপে অস্ট্রেলিয়ার মতো দল দেখেও ভড়কে যায়নি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তারের ধারণা, বাংলাদেশকে গ্রুপে দেখেই উল্টো শঙ্কিত থাকবে অস্ট্রেলিয়া। এবারের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে জুনিয়র টাইগ্রেসরা পাচ্ছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ডকে। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। তবে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আগামীকাল বৃহস্পতিবার। সুমাইয়াদের গন্তব্য আপাতত শ্রীলঙ্কা। সেখানে লঙ্কানদের সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলে তারা সরাসরি চলে যাবেন বিশ্বকাপে। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে।
দেশ ছাড়ার আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট করে কোনো লক্ষ্যের কথা বলেননি অধিনায়ক সুমাইয়া। তবে ভালো করার আশাবাদ শুনিয়েছেন তিনি, ‘আসলে ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। প্রত্যেকেই যদি নিজেদের ভূমিকা পালন করতে পারি তাহলে ভালো কিছুই হবে।’ গ্রুপ পর্বে নেপাল ও স্কটল্যান্ড কিছুটা খর্বশক্তির, তবে এই পর্বে বাংলাদেশের মেয়েদের সামনে বাধা হতে পারে অস্ট্রেলিয়া। যদিও অজি মেয়েদের নিয়ে সুমাইয়ার নেই কোনো দুর্ভাবনা, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলব। আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।’

অস্ট্রেলিয়াকে নিয়ে বলা সুমাইয়ার এমন কথা শুনে কিংবা তার আত্মবিশ্বাস দেখে চমকে উঠতে পারেন অনেকেই। তবে বয়সভিত্তিক পর্যায়ের গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই শুরু করেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছিল বাংলাদেশ। এরপর সুপার সিক্স পর্বে ভালো করেও রান রেটের কারণে সেমি-ফাইনালে খেলতে পারেনি তারা। এবারও চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্স পর্বে। সেখানে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়াগ করে নেবে সেমি-ফাইনালে। টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি দল।
মেয়েদের এই দলটিকে দিয়ে দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের কোনো দলকে কোচিং করাচ্ছেন সরওয়ার ইমরান। বাংলাদেশের ছেলেদের দলের অভিষেক টেস্টের কোচ ও দেশের ক্রিকেটের দারুণ শ্রদ্ধেয় এই কোচও আশার কথা শুনিয়েছেন। তবে দলের ব্যাটিং নিয়ে একটু ভাবনার জায়গা তার আছে, ‘দলের ফিল্ডিং, বোলিং এগুলো টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটা এখনও… ভালো ব্যাটিং করে, তবে অভিজ্ঞতা কম। ম্যাচ খেলার, টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা কম। তার পরও গত দুই মাস ধরে অনুশীলন করে দলকে একটা অবস্থায় নিতে পেরেছি। আমি আশাবাদী যে দল ভালো করবে।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।
অপেক্ষমান: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।