প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৭:৪০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬ পিএম
প্রায় তিন বছর ধরে সংস্কার কাজ চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একমাত্র ভরসা বসুন্ধরা কিংস আরেনা। মাঠ সংকট কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে। ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে ১০ বছরের জন্য স্টেডিয়ামটি বরাদ্দও দিয়েছিল এনএসসি। তবে নতুন খবর, বরাদ্দের মেয়াদ ১৫ বছর বাড়িয়ে ২৫ বছর করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির সচিব আমিনুল ইসলাম।
যোগাযোগ করা হলে এনএসসির এই সচিব বলেন, ‘চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম প্রথমে ১০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেয়া হয়েছিল। সেই বরাদ্দের সময় বাড়ানো হয়েছে। ২৫ বছরের জন্য বাফুফেকে এই স্টেডিয়াম বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের সিদ্ধান্ত হয় গেছে। এখন কেবল আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো বাকি। এটা স্রেফ আনুষ্ঠানিকতা, চিঠিও লেখা হয় গেছে। আশা করি আগামী ২-৩ দিনের মধ্যেই বাফুফে চিঠি হাতে পাবে। ’
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো স্থাপনায় যদি ফিফার কোনো সদস্য সংস্থার কমপক্ষে ২০ বছরের অধিকার না থাকে, সেখানে ফিফা বিনিয়োগ করে না। ফলে এই মাঠের আধুনিকায়নের স্বার্থে এবং ফিফার বিনিয়োগ প্রাপ্তির বিষয়টি মাথায় রেখে স্টেডিয়ামটি দীর্ঘ সময়ের জন্য চেয়েছিল দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। বাফুফের দাবিতে সাড়া দিয়েছে ক্রীড়া পরিষদ।