প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৪:১৩ পিএম
আয়ুশ মহাত্রে
আগের রেকর্ডটা ছিল যশস্বী জয়সওয়ালের। ভারতীয় এ তারকা ব্যাটার ১৭ বছর ২৯১ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে উপহার দিয়েছিলেন ১৫০ ছাড়ানো ইনিংস। পেশাদার ক্রিকেটে এটাই সবচেয়ে কম বয়সে ১৫০ রানের মাইলফলক ছোঁয়ার কীর্তি।
অবশেষে মঙ্গলবার জয়সওয়ালের সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন ভারতেরই আরেক তরুণ। বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের ক্রিকেটার আয়ুশ মহাত্রে লিখেছেন নতুন বিশ্বরেকর্ড।
৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ড্যাডি সেঞ্চুরি হাঁকালেন আয়ুশ। তার মানে কম বয়সে ১৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব এখন তার দখলে। নাগাল্যান্ডের বিপক্ষে ১১৭ বল খেলে এনে দিয়েছেন ১৮১ রানের দাপুটে এক। এই ইনিংস উপহার দেওয়ার সময় তার বয়স ছিল ১৭ বছর ১৬৮ দিন। দারুণ এই ইনিংসে রয়েছে ১১টি ছক্কা ও ১৫টি বাউন্ডারির মার।
আয়ুশের দুর্দান্ত এই ইনিংসের সুবাদেই ভেঙে গেছে জয়সওয়ালের পাঁচ বছর আগে গড়া বিশ্বরেকর্ডটি। ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইতিহাস গড়ার সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন।
এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রবিন উথাপ্পা।১৯ বছর ৬৩ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ব্যাট ছুঁয়ে এসেছিল একটি ড্যাডি সেঞ্চুরি (১৫০ বা তার বেশি রানের ইনিংস)।