প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:২১ পিএম
অশ্বিন চান স্নিকোমিটার এম্বাসাডর বানাতে চান সৈকতকে— সংগৃহীত ছবি
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার পর থেকেই শিরোনামে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তৃতীয় আম্পায়ার ছিলেন। মাঠের আম্পায়ার যশস্বীকে আউট দেননি। শরফুদ্দৌলা রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে। ভারতের সাবেক তারকা রবিচন্দ্রন অশ্বিন মজার ছলেই খোঁচা দিয়েছেন সৈকতকে। স্নিকোমিটারের অ্যাম্বাসেডর হিসাবে বাংলাদেশি আম্পায়ারের নাম প্রস্তাব করেন অশ্বিন।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া স্পিনার সামাজিক যোগাযোগমাধ্যমে শরফুদ্দৌলার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আলোচনার কেন্দ্রে এখন স্নিকোমিটার। ওরা এটাকে কাজে লাগাতে পারে। এই মানুষটিকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারে স্নিকোমিটার।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘এটা মজা করেই বললাম।’
টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪০ রানের জবাবে চতুর্থ ইনিংসে ব্যাট করছিল ভারত। তবে অত রান অতিক্রম করা যাবে না তাই ড্রয়ের জন্যই খেলছিল সফরকারীরা। তখনো পঞ্চম দিনের ২১.২ ওভারের খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এরই মধ্যে প্রতিরোধ গড়ে তুলেছেন জয়সোয়াল। তবে প্যাট কামিন্সের বলে সব এলোমেলো হয়ে যায়।
৭১তম ওভারের পঞ্চম বলে বাউন্ডার দেন কামিন্স। সেটি হুক করতে যান জয়সোয়াল। তবে ব্যাটে-বলে করতে পারেননি ভারতীয় ওপেনার। গ্লাভসের একদম কাছ ঘেষে সেটি চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেন অজি ক্রিকেটাররা। তবে মাঠের আম্পায়ার সেই আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন কামিন্স। তৃতীয় আম্পায়ারের সৈকত জানান তার সিদ্ধান্ত।
এর আগে তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনো বড় স্পাইক দেখা যায়নি। তার পরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার সৈকত বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে।; সেই যুক্তিতে স্নিকোতে ব্যাটে বা গ্লাভসে বল লাগার কোনো প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।