প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ২০:২১ পিএম
প্রথম ম্যাচে যা ঘটেছিল। ব্যতিক্রম হয়নি দ্বিতীয় ম্যাচেও। এবারও ব্যাটিং ধসের খেসারত দিতে হয়েছে শ্রীলঙ্কাকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৪৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। নেলসনে আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
সোমবার মাউন্ট মঙ্গানুইতে
১৮৭ রানের লক্ষ্য দিয়ে লঙ্কানদের ১৪১ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এদিন বড় রান
তাড়ায় চতুর্থ ওভারে কুসাল মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ও কুসাল পেরেরা
জুটিতে এগোতে থাকে সফরকারীরা। পরপর দুই ওভারে দুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে লঙ্কানদের
নাড়িয়ে দেন জ্যাকব ডাফি। এরপর আর কক্ষপথে ফিরতে পারেনি তারা। দশম ওভারে বড় শটের আশায়
ম্যাট হেনরির হাতে ধরা পড়েন নিসাঙ্কা (২৮ বলে ৩৭)। দ্বাদশ ওভারে দারুণ ইয়র্কারে বোল্ড
হয়ে যান কুসাল পেরেরা (৩৫ বলে ৪৮)।
শ্রীলঙ্কার সবশেষ সাত ব্যাটসম্যানের
মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল অধিনায়ক আসালাঙ্কা। তার বিদায় দিয়ে শুরু হওয়া নাটকীয়
ধসে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা।
এর আগে টস হেরে ব্যাট করতে
নেমে শুরুতেই রাচিন রবিন্দ্রর উইকেট হারায় নিউজিল্যান্ড। চল্লিশ ছোঁয়া দুটি ইনিংসে
দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন টিম রবিনসন ও মার্ক চ্যাপম্যান। দশম ওভারে ওপেনার রবিনসনকে
(৩৪ বলে ৪১) ফিরিয়ে ৪১ বল স্থায়ী ৬৯ রানের জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরে চ্যাপম্যানকেও
বিদায় করেন তিনি। এই টপ অর্ডার ব্যাটসম্যান ২টি করে ছক্কা ও চারে ২৯ বলে করেন ৪২ রান।
বেশিক্ষণ টিকতে পারেননি ড্যারিল মিচেল। তার বিদায়ের পর ঝড় তোলেন কিপার-ব্যাটসম্যান
হেই। শেষ ১৫ বলে মিচেল ব্রেসওয়েলকে নিয়ে তিনি যোগ করেন ৪১ রান। এই ব্যাটিংয়ের জন্য
তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। লেগ স্পিনার হাসারাঙ্গা ২৮ রানে নেন ২ উইকেট। মাহিশ
থিকশানার ওপর দিয়ে বয়ে যায় ঝড়। ৪ ওভারে ৫২ রান দিয়ে তিনি উইকেটশূন্য।