প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম
মেলবোর্নে ১৮৪ রানে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে টেস্টে ভারতীয় ওপেনার যশ্বসী জয়সওয়ালের আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যম রীতিমতো ধুয়ে দিচ্ছেন আম্পায়ারকে। সেই সিদ্ধান্তটি দিয়েছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ।
এদিন অস্ট্রেলিয়া এলবিডব্লিউর আবেদন করলেও অনফিল্ড আম্পায়ার শুরুতে
আউট দেননি। তারপর রিভিউ নিলে স্লিকো মিটার কট বিহাইন্ড ধরতে না পারলেও ভারতীয় ওপেনারকে
আউট দেন শরফুদ্দৌলা। তিনি বলের দিক পরিবর্তনের ওপর নির্ভর করে এই রায় দিয়েছেন। এ নিয়ে
তুমুল বিতর্ক চললেও অভিজ্ঞরা ঠিকই এই আউটকে বৈধ বলছেন।
সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল বলেছেন, ‘শেষ পর্যন্ত তৃতীয়
আম্পায়ার সঠিক সিদ্ধান্তটি দিয়েছেন। প্রযুক্তির প্রটোকলের সঙ্গে আমাদের অবশ্যই একটা
বিকল্প সিদ্ধান্ত প্রক্রিয়া থাকে। আর সেজন্যেই আম্পায়ার একটা দিক পরিবর্তনের দৃশ্য
দেখতে পেয়েছেন। তাই এটাকে প্রমাণ করার জন্য অন্য কোনো প্রযুক্তির প্রয়োজন নেই।’
রিকি পন্টিংও রায়ের পক্ষে কথা বলেছেন, ‘তারা এটা নিয়ে যা খুশি বলতে
পারে। কিন্তু স্পষ্টত বলটা গ্লাভসে লেগেছে। জয়সওয়ালও শুরুতে হাঁটতে শুরু করেছিল। স্লিকো
হয়তো এটা প্রমাণ করতে পারেনি। কিন্তু আম্পায়ার দিক পরিবর্তনের বিষয়টা ঠিকই ধরতে পেরেছে।
তাই আমার মনে হচ্ছে এখানে কোনো বিতর্কের সুযোগ নেই।’