× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলবোর্ন টেস্ট

সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯ পিএম

সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

মেলবোর্নে শেষ দিনের চা-বিরতি পর্যন্তও স্বস্তিতে ছিল ম্যান ইন ব্লুজরা। ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের স্কোরবোর্ডে তখনও ৩ উইকেটে ১১২। দ্বিতীয় সেশনে উইকেট পড়তে দেননি যশস্বী জয়সোয়াল-ঋষভ পন্ত। ৭৯ রানের জুটি গড়েছিলেন দুজন। কিন্তু চা-বিরতির পর শেষ সেশনে গিয়েই সব এলোমেলো। এক প্রকার ভারতের ড্রয়ের ভাবনা ছিনিয়ে রোমাঞ্চ ছড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ফলে সিডনির টেস্ট হয়ে থাকল সিরিজ নির্ধারণী।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া কঠিন হয়ে গেল ভারতের জন্য। তৃতীয় স্থানে থাকা ভারতকে এখন সিডনিতে জিততেই হবে। না হলে রোহিতদের পক্ষে ফাইনালে যাওয়া সম্ভব নয়। অস্ট্রেলিয়ার যদিও এখনও শ্রীলঙ্কা সফর বাকি। তাই মেলবোর্নে জিতেও প্যাট কামিন্সদের টেস্ট বিশ্বকাপ খেলা নিশ্চিত নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতের এটাই শেষ টেস্ট। ৩ জানুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। দ্বিতীয় ফাইনালিস্ট কে হবে তা নিয়েই চলছে লড়াই।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দুটি ড্র হয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১১৮। শতাংশের হিসাবে ৬১.৪৫। তৃতীয় স্থানেই রয়েছে ভারত। তবে পয়েন্ট শতাংশ কমে গেছে রোহিতদের। ১৮টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ৯টিতে এবং ড্র ২টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭, যা মেলবোর্ন টেস্টের আগে ছিল ৫৫.৮৮ এবং ব্রিসবেন টেস্টের আগে ৫৭.২৯। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমেই কমছে এবং প্রথম দুদলের সঙ্গে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে।

দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। স্পিনার নাথান লায়ন নিয়েছেন দুটি। অবশ্য এই সময় জয়সওয়ালের আউট নিয়েও হয়েছে বিতর্ক। স্লিকো মিটার কট বিহাইন্ড ধরতে না পারলেও ভারতীয় ওপেনারকে আউট দিয়েছেন থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশের শলফুদ্দৌলা ইবনে শহিদ। তিনি বলের দিক পরিবর্তনের ওপর নির্ভর করেই এই রায় দিয়েছেন।

মেলবোর্ন টেস্টে হারে বেশ হতাশ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘আমি জানি কোথায় দাঁড়িয়ে। অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে চাই না। কিছু ফলাফল আমাদের পক্ষে যায়নি ঠিকই। অধিনায়ক হিসেবে বেশ হতাশ লাগছে।’

৩১ ডিসেম্বর সিডনির উদ্দেশে রওনা হবে ভারত। পরের টেস্টের আগে মাত্র দুদিন সময় হাতে। রোহিত মেনে নিচ্ছেন, প্রস্তুতির সময় কম পাবেন। বলেছেন, ‘যথেষ্ট সময় নেই। তবে হাল ছাড়তে চাই না। সিডনিতে খেলতে নামার সময় প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়া এসে খেলা মোটেই সহজ কাজ নয়। সিডনিতে আর একটা সুযোগ রয়েছে আমাদের কাছে।’

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৪৭৪ (স্মিথ ১৪০, কনস্টাস ৬০; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮) ও ২৩৪ (লাবুশেন ৭০, কামিন্স ৪১, ; বুমরা ৫/৫৭, সিরাজ ৩/৭০)।

ভারত : ৩৬৯ (রেড্ডি ১১৪, জয়সওয়াল ৮২; কামিন্স ৩/৮৯, বোল্যান্ড ৩/৫৭, লায়ন ৩/৯৬) ও ১৫৫ (জয়সওয়াল ৮৪, পান্ত ৩০; কামিন্স ৩/২৮, বোল্যান্ড ৩/৩৯)

ফল : অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী।

ম্যাচসেরা : প্যাট কামিন্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা