× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে চোখ থাকবে যাদের ওপর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম

দেশি ক্রিকেটারদের দিকেই বাড়তি নজর থাকবে বিপিএলে— প্রবা ফটো

দেশি ক্রিকেটারদের দিকেই বাড়তি নজর থাকবে বিপিএলে— প্রবা ফটো

ফিটনেস ইস্যুতে নেই মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের ধারেকাছেও নেই সাকিব আল হাসান। পটপরিবর্তনের বাংলাদেশে নতুন রূপে সাজা বিপিএলে এই দুই তারকার না থাকাও একটি পরিবর্তন। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে এমনিতেও তারকা খেলোয়াড়ের ঘাটতি। বিদেশি তারকাদের না আসতে চাওয়া, বীজের মতো গজিয়ে ওঠা কুড়ি কুড়ির আসরের দাপট, আর্থিক ও আসরের ব্যবস্থা— সব মিলিয়ে, এমনিতেই মান হারাতে বসেছে বিপিএল। তার মাঝে এবার একটু ভিন্ন।

সাকিব-মাশরাফি নেই, তবে তামিম-মুশফিক খেলছেন। বিপিএল জমাতেও বিসিবির তোড়জোড় বেশ। পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি এসেছেন। চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন শহীদ আফ্রিদি। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা জেসন রয়ও এসেছেন। প্রায় সাতটি দলের সবাই আসর মাতাতে নিয়োগ দিয়েছেন লাবণ্যময়ী কোনো তারকাকে। এত তারকার ছড়াছড়ির মাঝে বিপিএলে আলো কাড়তে পারে দেশি কিছু ক্রিকেটারই। যাদের দিকে নজরও রাখবে দর্শক-সমর্থকরা। সেই নামগুলোর কেউ কেউ এখনও বড় হতে পারেনি। ঠিকঠাক পরিচয় না পাওয়া ওসব তারকার উঠে আসার মঞ্চ হতে পারে এই একাদশ বিপিএল। ছোট্ট এই তালিকায় আছেন অভিজ্ঞ কয়েকজনও :

তামিম ইকবাল : এবারের বিপিএলে সবচেয়ে বড় তারকা কে? কয়েকটি ম্যাচ খেলতে বিপিএলে আসা শাহিন আফ্রিদি এমন একটি প্রশ্ন শুনেছিলেন। পাকিস্তানের তারকার মতে, তিনি নন তামিম হচ্ছেন এই আসরের বড় তারকা। ‘যা আছে তাই নিয়ে সন্তুষ্ট’ থাকতে চাওয়ার বিপিএলে আসলেই নামেভারে তামিম সবার ওপরে। বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা এই তারকার ওপর এমনিতেই নজর। তার ওপর ফরচুন বরিশালের অধিনায়ক কদিন আগে দাপুটে ফর্ম দেখিয়েছিলেন এনসিএল টি-টোয়েন্টিতে। সেই ফর্ম ধরে রেখে বিপিএলও জমাবেন নিশ্চয়। অধিনায়কত্বের পাশাপাশি তামিমের ব্যাটে তাকিয়ে থাকবে তার দল। এমনকি পুরো আসরও। 

তাসকিন আহমেদ : বিদেশি খেলোয়াড়দের ডামাডোলে যখন মিয়ম্রাণ আসর, তখন দর্শক টানতে এগিয়ে থাকবেন তাসকিন। টাইগার এই পেসার আছেন দাপুটে ফর্মে। গতি, নিয়ন্ত্রণ আর অভিজ্ঞতার পসরা নিয়ে আসর মাতাতে তার দিকেও তাকিয়ে থাকবে বিপিএল। ক্যারিয়ারের চারভাগের একভাগ উইকেটই পেয়েছেন ২০২৪ সালে। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশের মূল অস্ত্র ছিলেন এই বাঁহাতি পেসার। দুর্বার রাজশাহীর অন্যতম বোলিং অস্ত্র এবার বিপিএল জমাতে প্রস্তুত। আগের বিপিএলের মতো এবারও নজর থাকবে এ তারকা পেসারের দিকে।

জাকের আলী অনিক : জাতীয় দলে অভিষেকে চমক দেখানো জাকের একের পর এক ধামাকা দেখিয়েই গেছেন। উড়িয়ে মেরেছেন, ঘুরিয়ে বল করেছেন সীমানাছাড়া। এমন একজন ধুন্ধুমার ব্যাটারের ব্যাটে তাকিয়ে সিলেট স্ট্রাইকার্স। দাপুটে স্ট্রাইক রেটে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন জাকের। গত বিপিএলে ব্যাট হাতে ঝড় বইয়ে দেওয়া জাকের যখন জাতীয় দলে ধুঁকছিলেন, তখন প্রশ্ন উঠেছিল তিনি কি আসলেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত? এবার সেই বিপিএলের আগে নিজের জাত চিনিয়ে তারকা বনে আছেন জাকের। কুড়ি কুড়ির মঞ্চে বাকিদের চার-ছক্কার ফুলঝুরির মাঝে জাকেরেরর ব্যাটেও তাকিয়ে থাকবে দর্শকরা।

জিসান আলম : নামের ভারে এখনও ছোট জিসান। তবে কাজের ক্ষেত্রে অনেক ওপরে। সবশেষ এনসিএলে ৭ ম্যাচে ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ২৮১ রান করা তরুণ ব্যাটারকে নিয়ে পরিকল্পনা কষতে হবে প্রতিপক্ষকে। দুর্বার রাজশাহীর এই ব্যাটার হতে পারেন এই বিপিএলের অন্যতম এক ব্যাটিং মায়েস্ত্রো। পাওয়ার হিটিংয়ের সঙ্গে বড় বড় ছক্কা হাঁকানোয় ইতোমধ্যে নজর কেড়েছেন। জিসানের মতে স্বাভাবিক এই খেলাটিতেই জমাতে চান বিপিএল, ‘ছোটবেলায় বাবা আমাকে সেন্টার উইকেটে ব্যাটিং করাত। এজন্য সহজাতভাবে ছক্কা মারি, ওটাকেই বড় বড় ছক্কা বলে সবাই।’

আলিস আল ইসলাম : আগেরবার ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চমক দেখিয়েছিলেন। মান রেখেছিলেন, প্রমাণ দিয়েছিলেন এবং ডাক পেয়েছিলেন জাতীয় দলে। মাঝে চোট ছিটকে দিয়েছিল। ফিরেছেন, সেই পুরোনো রূপেই, দাপট দেখিয়েছেন। নাঈম শেখের ঢাকা মেট্রোকে এনসিএলের ফাইনালে তুলতে বড় অস্ত্র হয়ে উঠেছিলেন আলিস। যখন প্রয়োজন পড়েছে দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু। রান দিতেও যথেষ্ট কৃপণ ছিলেন রহস্যময় খ্যাত স্পিনার। পকেটে পোরেন ১৪ উইকেট। এক হাত মুখে আর এক হাত ওপরে তোলা সেলিব্রেশন এবং দুর্দান্ত সব স্পেলে আলিস এবার বিপিএলে থাকতে পারেন আসরের সেরা বোলারদের একজন হয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা