× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে খেলার মতো ফিটনেস নেই মাশরাফির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ২০:১৪ পিএম

মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা

বেজে গেছে বিপিএল দামামা। আজ বাদে কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশের সবচেয়ে মর্যাদাকর টি-টোয়েন্টির আসর। যে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের ক্রিকেটাররাও নিজেদের ঝালাই করে নিচ্ছেন। সিংহভাগ বিদেশি খেলোয়াড়রাও ইতোমধ্যে ঢাকায় এসে মাঠের অনুশীলনে নেমে পড়েছেন। তবে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে দর্শক সারিতেও নেই মাশরাফি বিন মর্তুজা।

কেন অনুশীলনে নেই সাবেক অধিনায়ক? এমন প্রশ্নই উড়ে বেড়াচ্ছিল ক্রিকেট পাড়ার আকাশে। কিন্তু খবর নিয়ে জানা গেছে, বিপিএলে খেলার মতো শতভাগ ফিটনেস নেই মাশরাফির। তবে সিলেট স্ট্রাইকার্স এখনই হাল ছাড়তে নারাজ। আশায় প্রহর গুনছে এ সুপারস্টারকে দলে পেতে। সিলেটের কোচ মাহমুদ ইমন তাই তো জানিয়ে রাখলেন, মাশরাফি যদি খেলার জন্য নিজেকে ফিট মনে করেন, তাহলে সেটা দল বিবেচনা করবে।

আজ শনিবার মিরপুরে দলের অনুশীলনের পর কোচ ইমন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলে মাশরাফির নাম থাকা নিয়ে বলেন, ‘স্কোয়াডে এখনো আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে, ও কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী? ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’

মাশরাফি সর্বশেষ খেলেন গত এপ্রিলে- ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। পরে আর জনসমক্ষে আসেননি সাবেক এ সফলতম টাইগার ক্যাপ্টেন। একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য হয়েও জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে খেলে গেছেন।

আগস্টে রাজনৈতিক পালা বদলের পর মাশরাফি প্রকাশ্যে আসেননি। তবে অক্টোবরে বিপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে তিনি নাম লেখেন সিলেট স্ট্রাইকার্সে। বিপিএলের আগের দুই আসরে এই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়েই খেলেছেন তিনি। ড্রাফটে নাম থাকায় মাশরাফির খেলা নিয়ে সিলেট একরকম আশায় ছিল। কিন্তু এখন মিলছে ভিন্ন আভাস। মাশরাফির খেলার সম্ভাবনা কতটুকু? উত্তরে কোচ ইমনের ভাষ্য- ‘কথাবার্তা চলছে। কিন্তু সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।’ পরিস্থিতি বলতে ফিটনেস নাকি অন্য কোনো ব্যাপার আছে? এ নিয়ে ইমনের ভাষ্য, ‘ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’

সিলেট কোচ বলছেন, এখন মাঠের লড়াইয়ের জন্য পুরো ফিট নন মাশরাফি। কিন্তু দলের অনুশীলনে নেই তিনি। অল্প সময়ের মধ্যে যে প্রস্তুত হয়ে যাবেন, তার কোনো গ্যারান্টি নেই। তাই মাশরাফির বিকল্পের কথাও ভাবতে হচ্ছে সিলেটকে, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি, তত দিন আমরা ওকে বিবেচনায় নেব না। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওরই সিদ্ধান্ত। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’

আগামীকাল সোমবার আরম্ভ হতে যাওয়া একাদশ বিপিএলে সিলেট নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে ৩১ ডিসেম্বর। সিলেট প্রথম ম্যাচ খেলবে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা