বিপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:৩২ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০১ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে নতুন দল দুর্বার রাজশাহী। তরুণদের প্রাধান্য দিয়ে গড়া স্কোয়াড বানিয়ে অনেক দূর পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছে তারা। ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে পাকিস্তানি কিংবদন্তি ইজাজ আহমেদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এবার তার সহকারী হিসেবে আরেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুমকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ইফতিখার আনজুম পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন। বল হাতে নিয়েছিলেন ৭৮ উইকেট। ক্রিকেট ক্যারিয়ার শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার দেশের বাইরের লিগে কাজ করার সুযোগ পেলেন সাবেক এ ডান হাতি পেসার।
গত বছরের ডিসেম্বরে পিসিবির তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি। তা ছাড়া পিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করেছেন ইফতিখার। শহীদ আফ্রিদির অন্তর্বর্তী নির্বাচক প্যানেলে আবদুল রাজ্জাকের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটারও।
এবারের বিপিএলের পর্দা উঠছে ৩০ ডিসেম্বর। প্রথম দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। এরই মধ্যে বিপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। শুক্রবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে।