প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:১২ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:২১ এএম
ওয়েস্ট ইন্ডিজের সফরে ইনজুরিতে পড়েন সৌম্য সরকার। ক্যারিবীয় দীপপুঞ্জে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান তিনি। এরপর ম্যাচের বাকি অংশে আর খেলতে পারেননি। এমনকি তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। আঙুলের সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি সৌম্য। ফলে আসন্ন বিপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না এ ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজ সফরটা বেশ উপভোগ করছিলেন সৌম্য। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) শিরোপা জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। জাতীয় দলের হয়েও ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন বাঁ হাতি এ ব্যাটার। কিন্তু ইনজুরিতে পড়ে আসন্ন বিপিএল নিয়েই শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। তাই দ্রুত মাঠে ফিরতে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন সৌম্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আজ শনিবার ঢাকায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন সৌম্য। এরপর তার মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নতুন বছরের ১৬ জানুয়ারি মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা।
এর আগে সৌম্যের চোট নিয়ে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, সৌম্যের আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এ ওপেনারকে। ৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর। আসন্ন আসরে সৌম্য যে খেলতে পারবেন, এটাই স্বস্তির খবর।