বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৩ পিএম
বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে মাঠ মাতাবেন আলিস। মিরপুরে অনুশীলনেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন বেশ— চট্টগ্রাম কিংস
ক্ষণগণনা শেষের পথে। দুদিন পর পর্দা উঠছে বিপিএলের। কুড়ি কুড়ির ১১তম সংস্করণ মাঠে গড়ানোর আগে ব্যস্ততা বেড়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। ঢাকা পর্ব সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ সময়ের প্রস্তুতিতেও পেয়েছে গতি। আসরের সাত দলের প্রায় সবাই শুরু করেছে আনুষ্ঠানিক অনুশীলন। আজ শুক্রবার মিরপুরে নিজেদের ঝালিয়ে নিয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম কিংসও সেরেছে লম্বা সময়ের অনুশীলন। ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্স সারে তাদের প্রথম দিনের অনুশীলন। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও ছাড় দিচ্ছে না প্রস্তুতিতে।
৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। প্রাথমিক প্রস্তুতি সেরে রাজশাহী তাদের সেরা পারফরম্যান্স উপহার দিতেই প্রস্তুত। প্রত্যাবর্তনে নিজেদের সেরার অবস্থানে নিয়েই থামতে চান দলটির অন্যতম খেলোয়াড় আকবর আলী। কদিন আগে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক জাতীয় ক্রিকেট টি-টোয়েন্টির শিরোপা জেতা আকবর আশাবাদী বিপিএলেও তার দল ভালো করবে। সেক্ষেত্রে তারুণ্যনির্ভর দল নিয়ে আকবরের আশা ধাপে ধাপে এগোনো। প্রাথমিক লক্ষ্য হিসেবে রাজশাহীর চাওয়া শেষ চার, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো প্লে-অফ নিশ্চিত করা। তবে আমরা বেশি দূর না ভেবে ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
দুর্বার রাজশাহীতে তত বড় নাম নেই। দলে দেশি খেলোয়াড়দের মাঝে আছেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, ইয়াসির আলি রাব্বি এবং এনসিএলে ব্যাট হাতে রাজ করা জিসান আলম ও আকবর আলি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, বিলাল খান, সাদ নাসিম এবং লাহিরু সামারাকুনের নিয়ে সাজানো হবে স্কোয়াড। অভিজ্ঞতার ঝুলিতে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টির মারকাটারি খেলায় রাজশাহী আশাবাদী, তারা তাদের পথ খুঁজে পাবে।
আকরব আলি আজ মিরপুরে সেটিই শুনিয়েছেন, ‘যে দলে খেলবেন সেই দল নিয়ে সর্বোচ্চ আত্মবিশ্বাস থাকা উচিত। আমাদের দলও যথেষ্ট ভালো। যদি সঠিক সময়ে সঠিক পারফরম্যান্স করতে পারি, তাহলে যেকোনো দলকে হারানো সম্ভব। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় নামের চেয়ে মাঠের পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি আসলে কাগজে-কলমে খেলাটা হয় না। খুব অল্প সময়ের খেলা। পুরোটাই নির্ভর করে, কোন দলটা দ্রুত মোমেন্টাম নিতে পারে। আমরা যদি দল হিসেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং মোমেন্টাম নিতে পারি, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব।’
পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ঘাম ঝরিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। গতবারের মতো এবারও তারা গড়েছে শিরোপাপ্রত্যাশী দল। প্রথম দিনে তারা পিকেএসপিতে অনুশীলন সেরেছে ম্যাচ সিনারিওতে। দলটিতে তারকা ক্রিকেটারদের ভিড় অনেক। দেশি ক্রিকেটারদের প্রায় সবাই খেলেছেন সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে। অনুশীলন শেষে নাঈম ইসলাম তাই শিরোপা ধরে রাখার আশা একটু আগেভাগেই দিয়েছেন।
গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আসর মাতানো নাঈমের এবারের ঠিকানা বরিশাল। দাপুটে দল গড়া তামিম ইকবালের দলে নিজের জায়গা হবে কি না, সেটি নিয়ে ততটা চিন্তিত নন নাঈম। তার চাওয়া দল সেরাদের সেরা হোক, ‘একাদশে সুযোগ পেতে প্রতিযোগিতা বেশি। এটা আমাদের দলের জন্যই ভালো। সবাইকে সবার জায়গা থেকে শতভাগ দিতে হবে। কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য প্রতিযোগিতা বেশি থাকলে প্রতিদ্বন্দ্বিতা যখন ভালো হবে, তখন দলের ফল ভালো হয়।’ নাঈম আশাবাদী ফরচুনদের শিরোপাভাগ্য সফল করতে নিজেও কিছু অবদান রাখবেন।
গত বিপিএলে বল হাতে স্পিনঘূর্ণি দেখিয়েছিলেন আলিস আল ইসলাম। এর পর থেকেই তিনি আলোচনায়। টি-টোয়েন্টি খেলা হলেই রহস্যময়খ্যাত এই স্পিনার থাকেন ওপরের সারিতে। কদিন আগে সিলেটে বসা এনসিএলেও দেখিয়েছেন ভেল্কি। ৮ ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে নেন ৯ উইকেট। আগের বার বিপিএলে দাপট দেখিয়ে পেয়েছিলেন জাতীয় দলে ডাক। এবার বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে মাতাবেন আলিস। তার আগে নিজের লক্ষ্য নিয়ে মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন তরুণ এই স্পিনার। আলিসের চাওয়া এবার সুযোগ পেলে সেটিকে সর্বোচ্চ প্রয়োগ করার, ‘ভালো একটা সুযোগ লাগবে। ভালো পারফর্ম করতে হবে। জাতীয় দল তো সহজ নয়। একবার সুযোগ পেয়েছি দেখে বারবার আমার জন্য এটা সহজ হয়ে যাবে— এমন নয়। আবার জাতীয় দলে খেলতে হলে আমাকে প্রমাণ করেই আসতে হবে। বিপিএল একটা ভালো মঞ্চ। আবার সুযোগ এসেছে প্রমাণ করার। ইনশাআল্লাহ চেষ্টা করব।’
ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। সাত দলের আসর বসবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। ঢাকায় প্রথম পর্বে নিজেদের এগিয়ে রাখতে তাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। দেশি-বিদেশি তারকা নিয়ে ঠাসা দলগুলো তাই অনুশীলনে খামতি দিচ্ছে না।