× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানের জয়রথ ছুটছেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৪ পিএম

মোহামেডানের জয়রথ ছুটছেই

শুরু যেমন তেমন, শেষ সুন্দরই অধিকতর গুরুত্বপূর্ণ। যদিও প্রিমিয়ার লিগে শুরু-শেষ একই সমান্তরালে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সাদা-কালো জার্সিধারীরা বছরের শেষ ম্যাচটিতে ফর্টিস এফসির বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে। 

শুক্রবার কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে জয় এনে দিয়েছেন এমানুয়েল সানডে। যদিও ফর্টিস ছেড়ে কথা বলেনি, মোহামেডানকে চ্যালেঞ্জ জানিয়েছে বারবার। তবে সপ্তদশ মিনিটে পিছিয়ে পড়ার পর তারা শোধ দিতে পারেনি। পাঁচ ম্যাচের সব জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করে বছর শেষ করল মোহামেডান। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ফর্টিসের পয়েন্ট ৫।

দারুণ ছন্দে থাকা মোহামেডানের বিপক্ষে অবশ্য শুরুতে চোখে চোখ রেখে খেলছিল ফর্টিস। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। সপ্তদশ মিনিটে এগিয়ে যাওয়ার আনন্দ সঙ্গী হয় মোহামেডানের। বাম দিক থেকে আর্নেস্ট বোয়াটেংয়ের বাড়ানো আড়াআড়ি ক্রস বুঝেই উঠতে পারেননি ফর্টিসের ডিফেন্ডাররা। ডিফেন্স লাইনের সামনে দিয়ে সরাসরি চলে যায় ডান দিকে থাকা সানডের কাছে; নিচু প্লেসিং শটে জালে জড়িয়ে দেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

পিছিয়ে পড়লেও মোহামেডান গোলরক্ষককে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে ফর্টিস। ৪০তম মিনিটে ভালো সুযোগ পায় মোহামেডানও। মোজাফ্ফর মোজাফ্ফরভের ক্রসে দূরের পোস্টে গোলমুখে থাকা বোয়াটেংয়ের টোকায় বল যায় ক্রসবারের বাইরে।

দ্বিতীয়ার্ধেও খেলা চলতে থাকে একই ধাঁচে; তবে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল মোহামেডান। ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় তাদের। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা আরিফ হোসেন এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু নিজের শট না নিয়ে বাড়ান অন্য প্রান্তে থাকা সানডেকে। নাইজেরিয়ান ফরোয়ার্ড উড়িয়ে মেরে বসেন।

একটু পরই জালে বল জড়ান ফর্টিসের পা ওমর সার, কিন্তু তার আগেই সহকারী রেফারি তোলেন অফসাইডের পতাকা। ৮৩তম মিনিটে ভ্যালেরি রিশিনের উচুঁ করে বাড়ানো বলে মাথা ছোঁয়ানোর কেউ ছিল না। তাতে আর সমতায় ফেরা হয়নি ফর্টিসের।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেছেন শাকিল আলী। লিগে এটিই ঢাকা ওয়ান্ডারার্সের প্রথম জয়। আর টানা পাঁচ হারে পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে রইল চট্টগ্রাম আবাহনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা