বক্সিং ডে টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:১১ পিএম
সকালের সূর্য দেখে দিন কেমন যাবে সেটা অনুমান করা যায়। রোহিত শর্মা-বিরাট কোহলিদের করুণ অবস্থা দেখে যে কেউই বলবেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে বেশ চাপে ভারত। অস্ট্রেলিয়ার করা প্রথম ইনিংসের ৪৭৪ রান টপকাতে নেমে হাশফাশ দশা সফরকারীদের। ১৬০ রান তুলতেই স্বীকৃত পাঁচ ব্যাটারকে হারিয়েছে তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১০ রান পিছিয়ে ভারত। দলকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ঋষভ প্রান্ত ও রবিন্দ্র জাদেজা।
এদিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের করা ৪৭৪ রানের জবাবে দিতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বিপদে ভারত। দলীয় ৮ রানের মাথা অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান প্যাট কামিন্স। এর পর তিনি দলীয় ৫১ রানের মাথায় লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরে ফেরান । এরপর জুটি গড়েন জয়সওয়াল ও কোহলি। দুজনের জুটি ভাঙে জয়সওয়াল রান আউটে মাঠ ছাড়লে। ১০২ রানের জুটি গড়েন তারা।
সফরের প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া তরুণ ওপেনার মাঠ ছাড়েন ৮২ রানে। তার দৃষ্টিনন্দন ইনিংস সাজানো ছিল ১ ছক্কা ও ১১ চারে। ৬৯ স্ট্রাইকরেটে এই রান তুলেন তিনি। বল মোকাবেলা করেন ১১৮ বল।
জয়সওয়াল ফেরার পর স্কট বোলান্ড ঝড় শুরু হয়। মাত্র ৫ রানের মধ্যে কোহল ও আকাশদীপকে ফেরান তিনি। দুইজনই কট আউটের শিকার হন। কোহলির যাত্রা থামে ৩৬ রানে। আকাশ ফিরেন শূন্য হাতে।
এর আগে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ১৬৩ রান যোগ করতেই স্বাগতিকেরা খুইয়ে ফেলে বাকি ৪ উইকেট। এ রানের মধ্যেই সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি করা অজি অলরাউন্ডার থেমেছেন ১৪০ রানে। দলের পক্ষে তিনিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।
স্মিথের ইনিংসটি সাজানো ৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে। তিনি মোট ১৯৭ বল মোকাবিলা করেছেন। ডান হাতি এ ব্যাটসম্যানের আজকের সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ৩৪তম, মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম। এর মধ্যে ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরিতে গড়েছেন দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি ৩ অঙ্কের ইনিংসের রেকর্ড। এতদিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের, ৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)।
ভারত প্রথম ইনিংস: ১৮.১ ওভারে ৫৯/২ ( জয়সওয়াল ৮২, রোহিত ৩, রাহুল ২৪, কোহলি ৩৬, ঋষভ ৬*, জাদেজা ৪*; কামিন্স ২/৫৭, বোলান্ড ২/২৪)