প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:০২ পিএম
মোহাম্মদ সালাহ
এই জয় রোখার সাধ্যি কার! লাগামহীন ঘোড়ার মতোই ছুটছে লিভারপুলের জয়রথ। টানা জয়ে আসরে বেশ কয়েকটি শিরোপার অন্যতম দাবিদার অল রেডসরা। গত রাতেও লেস্টার সিটির বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকলো অ্যানফিল্ডের ক্লাব। একইসঙ্গে সাত পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান দখলে রাখলো আর্নে স্লটের শিষ্যরা।
বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে হোঁচট খেয়েছে দুই নগর প্রতিদ্বন্ধী ম্যানসিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থেকেছে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। উলভারহ্যাম্পটনের মাঠে ধরাশায়ী হয়েছে ইউনাইটেড। চেলসি পেরে ওঠেনি ফুলহ্যামের সঙ্গে।
অ্যানফিল্ডে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। দেরিতে হলেও ঘুরে দাঁড়ায় তারা। শেষে ৩-১ গোলে জিতে ছাড়ে মাঠ। দলের পক্ষে সালাহ, গাকপো ও কুর্টিস জোন্স একটি করে গোল করেছেন। এই ম্যাচ দিয়ে ৮ম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সালাহ। লিভারপুলের হয়ে অ্যানফিল্ডে করেছেন ৯৮ গোল এবং চেলসির হয়ে খেলার সময় স্টামফোর্ড ব্রিজে করেছিলেন ২ গোল। শুধু লিগ হিসাব করলে ১৭ ম্যাচে সর্বোচ্চ ১৬ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছেন এই উইঙ্গার।
ম্যাচ শেষে প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নের কথা জানান সালাহ, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়। এটা দারুণ ব্যাপার। আমরা এখন প্রত্যেকটি ম্যাচে আলাদা করে মনোযোগ দিচ্ছি। আশা করি এ যাত্রা অব্যাহত রাখতে হবে। (এ বছর) অনুভূতিটা ভিন্ন। তবে সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে আমাদের পা মাটিতে রাখতে হবে। আশা করি আমরা ক্লাবের জন্য প্রিমিয়ার লিগ জিততে পারব এবং এটা এমন কিছু যা আমি স্বপ্ন দেখি।’
ব্রুনো ফার্নান্দেসের লাল কার্ড দেখে মাঠ ছাড়ার দিনে শোচনীয় হার দেখল ম্যানইউ। উলভারহ্যাম্পটনের মাঠে ২-০ গোলে হেরেছে তারা। বিরতির দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফার্নান্দেস। ৫৮ মিনিটে ম্যাথিউস কুনহা কর্নার থেকে সরাসরি গোল করেন। আট মিনিটের ইনজুরি টাইমে স্নায়ু ধরে রেখে ১০ জনের ম্যানইউর বিপক্ষে লড়ে যায়। কুনহার পাস থেকে হুয়াং হি চ্যান শেষ কিকে গোল করেন।
উলভসের নতুন কোচ ভিতর পেরেরা প্রথম হোম ম্যাচে জয়ের স্বাদ পেলেন। আর রুবেন আমোরিমের দল পাঁচ লিগ ম্যাচে চতুর্থ হার দেখলো।
রাতের শুরুর লগ্নে ইতিহাদ স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওয়ালার দল। এ নিয়ে লিগে টানা চার ম্যাচে পয়েন্ট খোয়াল বর্তমান চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি সর্বশেষ ১৩ ম্যাচের ১২টিতেই মাঠ ছাড়লো জয় ছাড়া। যদিও আজ সিটি জিততে পারত ২–১ ব্যবধানে। ম্যাচ ঘড়ির ৫১ মিনিটে পেনাল্টি পেয়েছিল সিটি। বেশ সময় নিয়ে শট নিয়েছেন আর্লিং হলান্ড। কিন্তু, সহজ সুযোগ মিস করেছেন তিনি। তার বাঁ পায়ের দুর্বল শট দারুণভাবে রুখে দেন এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড।
এভারটনের বিপক্ষে নামার আগেই শঙ্কার কথা জানিয়েছিলেন গার্দিওয়ালা। এভারটন ম্যাচ সামনে রেখে গার্দিওলা বলেছিলেন, ‘আগে যখন আমি কথাটা বলেছিলাম, লোকে হেসেছিল। তারা বলল, “চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া বড় কোনো সাফল্য নয়।” কিন্তু আসল বিষয়টা আমি জানতাম। কারণ, এখানকার ক্লাবের সঙ্গে এই ঘটনা আগেও ঘটেছে। এমন ক্লাব আছে, যারা অনেক বছর ধরে আধিপত্য দেখিয়েছে এবং এরপর অনেক বছর আর চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেনি।’
১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ফুলহ্যামের কাছে ধাক্কা খাওয়া চেলসির অবস্থান দুইয়ে। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৭তম উলভস। ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ম্যানইউ। আর আর প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সিটিজেনদের অবস্থান ছয়ে।