বক্সিং ডে টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ০০:৪৮ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ০১:০৩ এএম
শন উইলিয়ামসের সেঞ্চুরি উদযাপন
প্রতিপক্ষ আফগানিস্তান বলেই হয়তো আশায় ছিলেন শন উইলিয়ামস। তার মনের চাওয়াটাই পূরণ হয়েছে শেষে। আফগানদের বিপক্ষে সবশেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অভিজ্ঞ এ ব্যাটার। এবার বক্সিং ডে টেস্টে পেলেন জাদুকরী তিন অঙ্কের রোমাঞ্চের ছোঁয়া। তার হার না মানা শতকে রানের পাহাড় গড়ছে জিম্বাবুয়ে।
বুলাওয়ায়োতে বৃহস্পতিবার প্রথমবার বক্সিং ডে টেস্ট খেলতে নেমে প্রথম দিন মোটেই ভালো কিছু করতে পারেনি অতিথি আফগানরা। টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৬৩ রানের পুঁজি গড়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
জিম্বাবুয়ের বড় পুঁজির মূল কারিগর উইলিয়ামস। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়ে ১৪৫ রানে অপরাজিত রয়ে গেছেন দিন শেষে। ১৬১ বলের ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ৯ বাউন্ডারিতে।
২০২১ সালের মার্চে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ক্যারিয়ার সেরা ১৫১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন উইলিয়ামস। এবার সেটি পেরিয়ে যাওয়ার সুযোগ অভিজ্ঞ এ ব্যাটার এর সামনে। উইলিয়ামসের সঙ্গে পঞ্চম উইকেটে ১৪৩ রানের জুটি গড়ে এখনও ক্রিজে টিকে আছেন ক্রেইগ আরভিন। ৬ বাউন্ডারিতে ৫৬ রান করে অপরাজিত উইলিয়ামসের এ পার্টনার।
ব্যাট হাতে দৃঢ়তা দেখান টেস্টে অভিষিক্ত বেন কারান। দুই ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই বেন কারান ১১ বাউন্ডারিতে দলীয় স্কোরে যোগ করেন ৬৮ রান। বেন ছাড়াও দুদল মিলিয়ে আরও পাঁচ জনের- তার মানে সব মিলিয়ে ছয় জনের টেস্ট অভিষেক হয়েছে এ ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩৬৩/৪, ৮৫ ওভার (গাম্বি ৯, কারান ৬৮, কাইতানো ৪৬, উইলিয়ামস ১৪৫*, মায়ার্স ২৭, আরভিন ৫৬*; নাভিদ ১/৬৪, ওমারজাই ০/৩৮, গাজানফার ২/৮৩, জাহির ১/৮৮, জিয়া ০/৪১, মালিক ০/২৩, শাহিদি ০/১৬)।
*প্রথম দিন শেষে