প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩:০৮ পিএম
মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে সেঞ্চুরির দেখা পেলেন দিলারা আক্তার। তার তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শের দিনে প্রথম দিনে ৮ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে ইস্ট জোন। রাজশাহীতে অন্য ম্যাচে নর্থ জোনকে ২৩৮ রানে গুটিয়ে দিয়েছে সাউথ জোন।
প্রথম দিন ইস্ট জোনের: এক সেঞ্চুরি এবং দুই ফিফটি। একটি ইনিংসের রান পাহাড়ে চড়তে আর কী প্রয়োজন? বৃহস্পতিবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা মেতে ওঠেন ইস্ট জোনের ব্যাটাররা। টস জিতে দলীয় ৫ রানে উইকেট হারালেও মুখ থুবড়ে পড়তে হয়নি ইস্ট জোনকে। দিলারার অকুতোভয় ব্যাটিংশৈলি, একই সঙ্গে জান্নাতুল ফেরদাউস তিথি ও শারমিন সুপ্তার অর্ধশতকে বেশ ভালোভাবেই দিন পার করে ইস্ট জোন। সবমিলিয়ে ১০০ ওভারে ৮ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করে তারা।
এদিন দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে চাপ সামাল দেন দিলারা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। দুজন মিলে যোগ করেন ১৫৪ রান। তিন অঙ্ক ছোঁয়ার একটু পরই নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন দিলারা। ১১ চার ও ২ ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন তরুণ ব্যাটার। জান্নাতুলের ব্যাট থেকে আসে ১০ চারে ১৭০ বলে ৬৫ রান। চার নম্বরে নেমে ১০ চারে ৯৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন শারমিন। সেন্ট্রাল জোনের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। লতা মণ্ডলের শিকার ২টি।
সালমাদের দাপুটে দিন: রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেন নর্থ জোন। সালমা খাতুন ও সানিজিদা আক্তার মেঘলার বোলিং তোপে ২৩৮ রানে গুটিয়ে গেছে সোবহানা মোস্তারির দল। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মিষ্টি রানী। তিনি ৭৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। জবাবে ১৮ ওভারে সাউথ জোনের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান।
এদিন শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় নর্থ জোন। চতুর্থ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৬০ রানের জুটি গড়েন মিষ্টি সাহা ও সোবহানা। ৬ চার ও ২ ছক্কায় ৭৬ বলে দলের সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন মিষ্টি। সোবহানার ব্যাট থেকে আসে ৩১ রান। পরে রিতু মনি, মারুফা আক্তার, লাবনী আক্তারদের ছোট ছোট ইনিংসে দুইশ পেরিয়ে যায় নর্থ জোন। সাউথ জোনের হয়ে ১৭ ওভারে ১০ মেইডেনসহ মাত্র ২২ রান খরচায় ৩ উইকেট নেন সালমা খাতুন। দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আয়েশা রহমান ও রুবাইয়া হায়দারের উইকেট হারায় সাউথ জোন। ৩০ রানে অপরাজিত আছেন শামিমা সুলতানা।